তিস্তা চুক্তি নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, ‘বাংলাদেশকে তিস্তা চুক্তি রূপায়ণ নিয়ে কথা দেওয়া রয়েছে। সেই প্রতিশ্রুতি আমাদের রাখতে হবে। কিন্তু আঞ্চলিক দলগুলো এ ক্ষেত্রে বিরূপ ভূমিকা পালন করছে।’ গতকাল শুক্রবার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এ কথা বলা হয়।আনন্দবাজার জানায়, গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এশিয়ান ইনস্টিটিউট অব ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট’ আয়োজিত সম্মেলনে বাংলাদেশ-ভারত আলোচনাচক্রে তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র সমালোচনা করেন মন্ত্রী জয়রাম।ভারতের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তিস্তা চুক্তি প্রসঙ্গ তুলে ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আঞ্চলিক দলগুলো ভারতের বিদেশনীতির ক্ষেত্রে সংগতিহীন ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। বিদেশনীতিকে কয়েদ করে রাখার চেষ্টা হচ্ছে। বিষয়টি ভয়াবহ।’জয়রামের মন্তব্যের জবাবে পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে জেতানোর জন্য পশ্চিমবঙ্গের স্বার্থ বিসর্জন দিয়ে তিস্তা চুক্তি করতে হবে, আবার ওবামাকে জেতাতে গিয়ে এফডিআইকে সমর্থন করতে হবে, এটা হতে পারে না।’জয়রাম রমেশ বলেন, ‘যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা চাইছি যত দ্রুত সম্ভব বিষয়টির (তিস্তা চুক্তি) সমাধান হোক।’ তাঁর যুক্তি, ‘দক্ষিণ এশিয়ার তথা ভারতের নিরাপত্তার প্রশ্নে ঢাকা যা করেছে তার প্রতিদান দেওয়া দরকার। উলফাসহ উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গি সমস্যার সমাধানে বাংলাদেশ যেভাবে আমাদের সাহায্য করেছে, তার প্রতিদান না দেওয়াটি অকৃতজ্ঞতা।’সম্মেলনে তৃণমূলের সাংসদ দীনেশ ত্রিবেদিও উপস্থিত ছিলেন। জয়রামের বক্তব্যের প্রতিবাদ করে দীনেশ বলেন, তিস্তা চুক্তি জাতীয় বিষয়। তাতে আঞ্চলিক সিলমোহর দেওয়া ঠিক নয়। জবাবে জয়রাম বলেন, তিস্তা চুক্তিকে টেনে আঞ্চলিক বিষয় হিসেবে দাঁড় করানো হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও উপস্থিত ছিলেন। গওহর রিজভী বলেন, ‘ভারত যদি তিস্তা এবং সীমান্ত চুক্তি রূপায়ণ করতে পারে, তা হলে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যাবে। বাংলাদেশ-ভারত সম্পর্কও এক ধাপে অনেকটা এগিয়ে যাবে।’ প্রসঙ্গত, তিস্তা এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে টানাপোড়েন চলছে। গত বছর মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরেই তিস্তা চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু মমতার আপত্তিতে শেষ পর্যন্ত তা হয়নি। মমতাকে রাজি করাতে কেন্দ্রের পক্ষ থেকে একাধিক বার দূত পাঠানো হয়েছে। কিন্তু বরফ গলেনি।