তিস্তা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তিস্তার পানি চুক্তি নিয়ে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। রাজধানীর বনানীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি নতুন হোটেলের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে তিস্তার পানি চুক্তি না করায় বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, ‘তারা কেন করেনি। তাদের মুখে গালি আর অন্তরে ভালোবাসা। বাইরে ভারতবিরোধিতা, ভেতরে ভারতপ্রীতি।’সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করলে এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বক্তব্য সঠিক নয়। তখন তিস্তায় পানি ছিল, এ জন্য তিস্তার পানি চুক্তি করিনি। কৃষক ও কৃষিকাজের উপকার হবে, তাই তিস্তায় ব্যারেজ করেছি। এ ব্যারেজ না করলে সব পানি সাগরে চলে যেত।’এর আগে বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে দলের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানান। তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে বিএনপি ছাড়া দেশের সব মানুষ স্বাগত জানিয়েছে। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, নির্বাচন কমিশন যে-ই হোক, জাপা সাদরে গ্রহণ করবে।’আগামী ৪ মার্চ ঢাকা থেকে ফেনী নদীর অভিমুখে জাপার লংমার্চ কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে গতকাল এ যৌথ সভা হয়। যৌথ সভায় জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। যৌথ সভায় কাজী জাফর বলেন, সরকার ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন জাতীয় পার্টিকে জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক সিদ্ধান্ত নিতে হবে।