তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।ভারত সফররত সাহারা খাতুন গতকাল শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রণব মুখার্জির কার্যালয়ে তাঁর সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। প্রায় ১৫ মিনিটের এই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি, ইন্দিরা-মুজিব চুক্তি ও দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সাহারা খাতুনকে আশ্বস্ত করে প্রণব মুখার্জি বলেন, তিনি তিস্তার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করবেন। যত দ্রুত সম্ভব এই চুক্তি করতে পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করানোরও চেষ্টা করবেন তিনি। প্রণব আরও জানান, আগামী পার্লামেন্ট অধিবেশনে স্থল সীমান্ত চুক্তি উত্থাপন করা হবে।বৈঠকে প্রণবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সাহারা খাতুন। আমন্ত্রণ গ্রহণ করে প্রণব বলেন, তিনি সুবিধামতো কোনো একসময় বাংলাদেশ সফর করবেন।