তিস্তা চুক্তি ভারতের অগ্রাধিকার তালিকায় আছে: সালমান
ভারতের আইন, বিচার ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের পাশাপাশি সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল দ্রুত বাস্তবায়ন ভারত সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ দুটি বিষয় সমাধানে ভারত অঙ্গীকারবদ্ধ।ভারতের মন্ত্রী গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় এ মন্তব্য করেন। তিস্তা চুক্তি দ্রুত সইয়ের জন্য পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানসাল জোরালো প্রয়াস চালাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান।সালমান খুরশিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের হাতে বাংলাদেশিদের প্রাণহানিকে দুঃখজনক, অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে মন্তব্য করেন।তিস্তার পানি বণ্টন চুক্তির অগ্রগতি জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, ‘আমাদের বিবেচনায় বিষয়টি নিয়ে শুধু বাংলাদেশই উদ্বিগ্ন নয়, এটি ভারত সরকারের একটি অগ্রাধিকার বিষয়।’ সীমান্ত প্রটোকল বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে লোকসভার বিজেপি সদস্য ভোলা সিং বলেন, দিল্লিতে ক্ষমতার পালাবদল হলেও এ ক্ষেত্রে ভারত সরকারের অঙ্গীকারের হেরফের হবে না। কারণ ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য রয়েছে।এ সময় অন্যদের মধ্যে ঢাকায় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।