তিস্তা চুক্তি হবে দুই পক্ষের স্বার্থ রক্ষা করেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী সোমবার দিল্লিতে বৈঠক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই তিস্তা প্রসঙ্গ আলোচিত হবে। এর পরই তিস্তার বিষয়টি নতুন মাত্রা পাবে।
ভারতের কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন নির্দেশ না পেলে মন্ত্রণালয় নতুন উদ্যোগ নিতে পারছে না। রাজ্যে দাবিদাওয়া নিয়ে দরবার করতে মমতা দিল্লি আসছেন আগামী রোববার। পরের দিন সোমবার তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।
তিস্তা নিয়ে মমতা যে আগের অবস্থানে আর নেই, সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে মমতা নিজেই তা দ্বিধাহীনভাবে জানিয়ে দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি বলেছেন, চুক্তি করতে তিনি আন্তরিক। ঢাকা থেকে দেশে ফিরে এই সফর নিয়ে তাঁর মনোভাবের কথা সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। মোদিকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, সীমান্ত ও তিস্তা—দুই চুক্তিরই দ্রুত বাস্তবায়নে তিনি আগ্রহী। এ জন্য সব রকমের সহায়তা দিতে তিনি প্রস্তুত।
তিস্তা নিয়ে মমতার মনোভাব ইতিবাচক, ঢাকা সফরের এই নির্যাসটুকু ছাড়া মুখ্যমন্ত্রীর মনোভাব সম্পর্কে বিস্তারিত কোনো ধারণা প্রধানমন্ত্রীর এখনো নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের বাইরে আর এগোতে পারেনি। একই অবস্থা জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়েরও। কারণ, ২০১১ সালে দুই দেশের মধ্যে স্বীকৃত বিষয়গুলো কীভাবে নতুন করে ঢেলে সাজানো হবে, পারস্পরিক কথাবার্তা না হলে সে বিষয়ে কোনো নির্দেশ দেওয়াও সম্ভব হচ্ছে না। আগামী সোমবার সেই মতবিনিময়ের পরেই ভারত সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মমতা ঢাকা গিয়েছিলেন বলে সরকারের প্রথা মেনে তিনি তাঁর সফর সম্পর্কে প্রধানমন্ত্রীকে সবকিছু জানিয়েছেন। অবশ্য এর আগেই ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনের প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছে। মমতার সফরের খুঁটিনাটি জেনেই পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ঢাকা ঘুরে এসেছেন। মমতার ভরসা পেয়ে তিস্তা নিয়ে বাংলাদেশ যে বিপুল আগ্রহী, সেই উপলব্ধি নিয়ে পররাষ্ট্রসচিব ঢাকা ছেড়েছেন।
জলসম্পদ মন্ত্রণালয় সূত্রে খবর, চার বছর আগের স্বীকৃত বিষয়গুলো নতুনভাবে খতিয়ে দেখতে হলে ফের নতুনভাবে পানিপ্রবাহের জরিপ ও সেচ এলাকার পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন। নদীটি সিকিম থেকে পশ্চিমবঙ্গে এসেছে বলে সিকিমের সহযোগিতাও জরুরি। মন্ত্রণালয় সূত্রের খবর, নতুনভাবে নির্দেশ না পেলে তাদের পক্ষে এ নিয়ে এগোনো সম্ভব নয়।
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এই মুহূর্তে এক অন্য উচ্চতায় রয়েছে। সম্পর্কের খচখচানি শুধু তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তির বাস্তবায়নে। দুটি বিষয়েই মমতার আপত্তি ছিল তীব্র। সেই আপত্তি এখন সহযোগিতায় রূপ নিয়েছে। সীমান্ত বিল সংসদের চলতি অধিবেশনেই পাস হবে, যদিও অধিবেশনের প্রথমার্ধে তা সম্ভবত হচ্ছে না।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এপ্রিেলর ২০ তারিখ থেকে ৮ মে পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিলটি পাস করা হবে। তার পরেই মমতাকে সঙ্গে নিয়ে মোদি বাংলাদেশ সফরে যেতে চান। কাঠমান্ডুতে সার্ক সম্মেলনের আসরে শেখ হাসিনাকে নিজেই এ কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।