বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি হলে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গেরই লাভ হতো। কিন্তু বর্তমান সরকার রাজ্যের লাভের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করে না। প্রবীণ সিপিএম নেতা গৌতম দেব গত রোববার বিকেলে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগরে দলের এক সমাবেশে এ কথা বলেন। ভারত ও বাংলাদেশ সরকার ২০১১ সালে তিস্তার পানিবণ্টন চুক্তি করার উদ্যোগ নেয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে এই চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু ২০১১ সালের সেপ্টেম্বরে মনমোহনের বাংলাদেশ সফরের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আপত্তি তোলেন। ফলে ওই সময় তিস্তা চুক্তির প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এখন নতুন করে কেন্দ্রীয় সরকার এই চুক্তি করার উদ্যোগ নিয়েছে। তিস্তা চুক্তির ব্যাপারে চলতি মাসে মমতার সঙ্গে বৈঠকে বসতে পারেন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। সালমান চাইছেন, তিস্তাসহ সীমান্ত এবং ছিটমহলসংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হোক। সালমান আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন।