তিস্তা চুক্তির দাবিতে ম্যারাথন দৌড়
তিস্তা চুক্তির বাস্তবায়ন ও টিপাইমুখে বাঁধ না করার দাবির পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ম্যারাথন দৌড় শুরু করেছেন নরসিংদীর বেলাব উপজেলার জাকির হোসেন। ১০ মে টেকনাফ থেকে জাকির ম্যারাথন দৌড় শুরু করেন। গত বৃহস্পতিবার তিনি নিজ জেলা নরসিংদীতে পৌঁছান। গতকাল শনিবার তিনি গাজীপুরের উদ্দেশে দৌড় শুরু করেন। জাকিরের ম্যারাথন দৌড়ের পৃষ্ঠপোষকতা করছে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সিগাল। জাকির হোসেন প্রথম আলোকে জানান, যাত্রাপথে তিনি বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, হাটবাজার, চায়ের দোকান, খেয়াঘাটসহ বিভিন্ন জনসমাগমস্থলে তিস্তা চুক্তির বাস্তবায়ন ও টিপাইমুখে বাঁধ না করার দাবির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, তিস্তা চুক্তির বাস্তবায়ন ও টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ করা গণমানুষের দাবি। দেশের মানুষ এই দাবির দ্রুত বাস্তবায়ন দেখতে চায়। ২০০৯ সালে জাকির বাইসাইকেলে করে সমগ্র বাংলাদেশ এবং ২০১০ সালে সিলেট থেকে নরসিংদী পর্যন্ত ১৭৫ কিলোমিটার ম্যারাথন দৌড় সফলভাবে সম্পন্ন করেন।