তিস্তা চুক্তির দাবিতে ১৭ জানুয়ারি লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, উত্তরাঞ্চলকে মরুময়তার হাত থেকে রক্ষা করতে হলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে হবে। এ চুক্তি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।গতকাল রোববার নীলফামারীর ডিমলা উপজেলায় জাপার স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, এটা শুধু জাতীয় পার্টির দাবি নয়, দেশের সব দলের উচিত এ চুক্তি বাস্তবায়নে মাঠে নেমে আসা। উপজেলার ডালিয়ায় তিস্তা ব্যারাজের কাছে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় এরশাদ বলেন, তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আগামী ১৭ জানুয়ারি ঢাকা থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে লংমার্চ করবে জাপা। ১৮ জানুয়ারি তিস্তা কলেজ মাঠে সমাবেশ করা হবে। এরশাদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা নদীর পানিচুক্তির যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা রক্ষা করেননি। তিনি বলেন, আগামী দিনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। তাঁর দল ক্ষমতায় গেলে দুই মাসের মধ্যে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে।মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মন্ডল, নীলফামারী-১ আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, রংপুর পৌরসভার মেয়র আবদুর রউফ, রংপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।