প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, তিস্তা চুক্তির বিষয়ে বল এখন ভারতের কোর্টে। তিনি বলেন, তিস্তা চুক্তি নিয়ে ইতিমধ্যে একটি খসড়া তৈরি হয়েছে। তাই এ নিয়ে নতুন করে কোনো আলোচনা হবে না।
গতকাল শনিবার বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের একটি কর্ম-অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গওহর রিজভী এসব কথা বলেন।
ঢাকার একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফ্রেন্ডস অব বাংলাদেশ ও দিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে দুই দিনের এই সংলাপের আয়োজন করে।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘স্বাধীনতার পরপর অনেকের দৃষ্টিভঙ্গি ছিল ভারত আমাদের বড় ভাই, আমাদের তারা স্বাধীন করেছে। সম্পর্কে বিভিন্ন সময় ওঠানামা হলেও এ মুহূর্তে ইতিহাসের সবচেয়ে দারুণ সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। দুই দেশের মধ্যে এখন তেমন কোনো সমস্যা নেই।’
ওই অধিবেশনে আরও বক্তৃতা করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র এম জে আকবর। তিনি বলেন, ‘একাত্তরে আমরা দখলদার বাহিনীকে পরাজিত করলেও এ দেশে জেঁকে থাকা অপশক্তিকে রুখতে পারিনি। তাই গণতন্ত্রবিরোধী শক্তি ক্ষমতায় এসেছে। এ জন্য চরম মূল্য দিতে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’ তিনি বলেন, দুই দেশের সম্পর্কের জন্য এখন অতীত কোনো চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হচ্ছে সম্পর্ককে ভবিষ্যতে কীভাবে এগিয়ে নেওয়া হবে।
সন্ধ্যায় ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে দুই দিনের সেমিনার শেষ হয়েছে। ঢাকা ঘোষণায় বাংলাদেশ-ভারত সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে ‘প্রগতিবিরোধী’ শক্তিকে মোকাবিলায় অঙ্গীকার করা হয়েছে। এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর ওপর দুই দেশ গুরুত্ব দিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের দ্বিতীয় কর্ম-অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গওহর রিজভী বলেন, ‘তিস্তা চুক্তি শিগগির সইয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বল এখন ভারতের কোর্টে...এটি এখন সময়ের ব্যাপার।’
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি সইয়ের কথা ছিল। শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তা আর হয়নি।
ওই কর্ম-অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে গওহর রিজভী সীমান্ত হত্যার ব্যাপারে তাঁর উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘বিএনপি আমলের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত হত্যা কমেছে। কিন্তু তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ, আমাদের কাছে একটি হত্যা মানেও অনেক কিছু।’
দিনের প্রথম কর্ম-অধিবেশনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার বিভাগ) শ্রিপ্রিয়া রঙ্গনাথন তাঁর প্রবন্ধে বলেন, ‘২০১১ সাল থেকে সীমান্ত হত্যা কমেছে। এটি ইতিবাচক হলেও যথেষ্ট নয়। কারণ আমরা বিষয়টি কমাতে পারলেও পুরোপুরি দূর করতে পারিনি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আমাদের এ সমস্যার সমাধান করতে হবে।’
ওই অধিবেশনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের কারণে শান্তি ও সমৃদ্ধির পথে আমাদের যাত্রাকে হুমকির মুখে ফেলে। তাই দক্ষিণ এশিয়ায় সাইবার নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া উচিত।’
ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, দুই দেশের আর্থিক প্রক্রিয়ায় সংযোগ গড়ে তোলা অপরিহার্য। এ ছাড়া সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ককে ব্যাপকভাবে এগিয়ে নিতে বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন ও জনগণের মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মনে করেন, ভবিষ্যৎমুখী কর্মকৌশলের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং ভারতীয় ঋণ চুক্তির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বেছে নেওয়া উচিত।
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘একসময় পাঁচ বছরের জন্য সার্ক ভিসা দেওয়া হতো। ভারত তা কমিয়ে এখন তিন মাস করেছে। এই তিন মাসের জন্য ভিসা নেওয়াটা পাসপোর্টের পাতা নষ্ট করা ছাড়া আর কিছু দেখি না।’ তাঁর মতে, বিবিআইএন ভিসা চালু করা উচিত।
সেমিনারে আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ঢাকা স্কুল অব ইকোনমিকসের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও রেক্টর কাজী খলীকুজ্জমান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইন্ডিয়া ফাউন্ডেশনের পরিচালক অলোক বানসাল, আইসিএলডিএসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ প্রমুখ।