তিস্তা চুক্তির বল এখন ভারতের কোর্টে: গওহর রিজভী
তিস্তা চুক্তি সই নিয়ে খসড়া তৈরি করেছে বাংলাদেশ সরকার। তাই এ বিষয়ে নতুন করে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বাংলাদেশ। আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এ কথা বলেন।
প্রশ্নোত্তর পর্বে গওহর রিজভী বলেন, ‘তিস্তা চুক্তি সই নিয়ে বল এখন ভারতের কোর্টে। চুক্তি নিয়ে ইতিমধ্যে একটি খসড়া তৈরি করা হয়েছে। চুক্তিটি নিয়ে নতুন করে কোনো আলোচনা হবে না। ওই খসড়ার ভিত্তিতেই দ্রুত চুক্তি সই হবে বলে আমরা আশা করছি।’
দুদিনের এই মৈত্রী সংলাপ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন, দিল্লি। সেমিনার আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সেমিনারে দুই দেশের রাজনীতিবিদ, কর্মকর্তা ও গবেষকেরা অংশ নিচ্ছেন।
গওহর রিজভী সীমান্ত হত্যার ব্যাপারেও তাঁর উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘বিএনপি আমলের তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত হত্যা কমেছে। কিন্তু তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ, আমাদের কাছে একটি হত্যা মানেও অনেক কিছু।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ককে ব্যাপকভাবে এগিয়ে নিতে বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন ও জনগণের মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মনে করেন, ভবিষ্যৎমুখী কর্মকৌশলের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা উচিত। তিনি বলেন, ভারতীয় ঋণ চুক্তির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বেছে নেওয়া উচিত।
ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। আর্থিকভাবে দুই দেশের মধ্যে যে রকম সংযোগ থাকা দরকার সেটি নেই বলেও মনে করেন তিনি। তাই দুই দেশের মধ্যে আর্থিক প্রক্রিয়ায় সমন্বয় বা সংযোগ গড়ে তোলা অপরিহার্য বলে মত দেন সিক্রি। তিনি বলেন, একটি দেশের আপত্তিতে গত সার্ক শীর্ষ সম্মেলনে মোটরযান চুক্তি হয়নি। তাই বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল চারদেশীয় মোটরযান চুক্তি সই করেছে। এটি চার দেশের সঙ্গে এ অঞ্চলের বাইরে বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। সাবেক ভারতীয় হাইকমিশনার মনে করেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এক সময় পাঁচ বছরের জন্য সার্ক ভিসা দেওয়া হতো। ভারত তা কমিয়ে এখন তিন মাস করেছে। এই তিন মাসের জন্য ভিসা নেওয়াটা পাসপোর্টের পাতা নষ্ট করা ছাড়া আর কিছু দেখি না। আমার মতে বিবিআইএন ভিসা চালু করা উচিত। তবেই বিবিআইএনের সুফল পাওয়া যাবে।