তিস্তা চুক্তির বিষয়ে ইতি টানার কথা বলেছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বন্ধুত্ব একটি ইস্যুকে কেন্দ্র করে হয় না। আমরা স্থল ও সমুদ্র সীমান্ত, ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকারসহ নানা বিষয় নিয়ে কাজ করছি। এগুলোর মধ্যে তিস্তাও আছে। আমাদের প্রধানমন্ত্রী এরই মধ্যে যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তির বিষয়ে ইতি টানার কথা বলেছেন।’

গতকাল রোববার রাজশাহী সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে হাইকমিশনার এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনারকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন।

বাংলাদেশের মানুষের ভারতীয় ভিসা পাওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভারতীয় ভিসা পাওয়ার জন্য ই-টোকেন লাগবে না। রেল, বিমান বা সড়কের টিকিট দিয়ে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসার জন্য আবেদন করা যাবে।

এর আগে নগর ভবনে ‘রাজশাহী মহানগরের সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও প্রত্নতত্ত্ব অবকাঠামোর উন্নতির মাধ্যমে টেকসই উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভারতের পক্ষে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হক এতে স্বাক্ষর করেন। এ প্রকল্পের আওতায় নগরের ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারী এলাকার প্রাচীন একটি গ্রন্থাগার সংস্কার এবং ফুটপাত ও জলাধার নির্মাণ করা হবে।