
তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশ খুবই আশাবাদী। রোববার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর এই আশাবাদের কথা শোনান বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক। একই সঙ্গে তিনি বলেন, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে আসবেন কি না সে বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ভারতের গোয়ায় ‘ব্রিকস–বিমসটেক লিডারস আউটরিচ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার রাত সাড়ে দশটার দিকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। আধ ঘণ্টারও বেশি এই আলোচনায় নানা প্রসঙ্গ উঠে আসে বলে জানান শহীদুল হক ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তাঁরা জানান, তিস্তা প্রসঙ্গ বিস্তারিতভাবে এই আলোচনায় না উঠলেও সম্পর্কের গতিবিধিতে এই বিষয়ে আশাবাদী হওয়াই যায়। পররাষ্ট্রসচিব বলেন, ‘আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। এ নিয়ে আরও কথা হবে।’ তিনি অবশ্য এই প্রসঙ্গে এ কথাও বলেন, ‘প্রধানমন্ত্রীর পরবর্তী ভারত সফরের সঙ্গে তিস্তা সম্পর্কযুক্ত নয়। তিস্তা কখনোই পরবর্তী সফরের শর্তও নয়। দ্বিপক্ষীয় সম্পর্কের নিরিখে বিষয়টিকে সেভাবে দেখা ভুল হবে। তবে আমরা আশাবাদী, বিষয়টির মীমাংসা ঠিক সময়েই হয়ে যাবে।’
সার্কের প্রসঙ্গটিও এই আলোচনায় ওঠে বলে শহীদুল হক জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত না হওয়াটাই সঠিক সিদ্ধান্ত। সার্কের ভবিষ্যৎ নিয়েও দুই নেতার কথা হয়। বিমসটেক ভবিষ্যতে সার্কের বিকল্প হয়ে উঠতে পারে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নেতারাই তা বলতে পারবেন।’
আধ ঘণ্টার এই আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয় বলে জানানো হয়েছে। শহীদুল বলেন, প্রধানমন্ত্রী হাসিনার ভূয়সী প্রশংসা করেন মোদি। কীভাবে তিনি সন্ত্রাসের মোকাবিলা করছেন তা বিস্তারে জানতে চান। হাসিনা তাঁকে বলেন, সে জন্য তাঁর সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ধর্মীয় নেতাদের সাহায্য নিচ্ছেন, ছাত্র যুবদের ও তাঁদের অভিভাবকদের সাহায্য নেওয়া হচ্ছে, সামাজিক চেতনা বাড়ানো হচ্ছে। মোদিকে হাসিনা আবারও আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের জমিতে তিনি কোনো রকমের সন্ত্রাসী কাজকর্ম হতে দেবেন না।
শহীদুল জানান, মোদি ও হাসিনা দুই নেতাই মনে করেন, দুই দেশের নেতাদের মধ্যে আরও ঘনঘন সফরের আয়োজন করা উচিত। সে জন্য প্রটোকলের বাইরেও যদি যাওয়ার দরকার পরে তা হলে তা-ও করা দরকার।
ভারতের গোয়ায় ব্রিকস–বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষক সম্মেলনের ফাঁকে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়।