তিস্তা চুক্তির ব্যাপারে আগের অবস্থানে অনড় মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে এখনো আগের অবস্থানে অনড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে তিনি বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব এবং কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে আলোচনা করেছেন।কলকাতার বাংলা দৈনিক স্টেটসম্যান গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার মমতা পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মমতা তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনের প্রশ্নে তাঁর মনোভাব পরিবর্তন করেননি। যদিও বৈঠকের আগে দিল্লির রাজনৈতিক মহলে খবর ছিল, মমতা তিস্তা চুক্তি সম্পাদনের প্রশ্নে তার মত পরিবর্তন করতে পারেন। অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি সম্পাদন হতে পারে বলে এই বার্তা দিতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে তিস্তা চুক্তি সম্পাদনের সুখবরটি দিতে পারেন। কিন্তু মমতা কোনো সবুজ সংকেত দেননি।গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সফরের দুই দিন আগে বেঁকে বসেন মমতা। তাঁর সঙ্গে আলাপ না করে তিস্তা চুক্তি করা হচ্ছে—এই অভিযোগ তুলে তিনি বাংলাদেশ সফর বাতিল করেন। এর পরই কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি স্থগিত করে।