বিরোধীদলীয় সাংসদদের উপস্থিতি ছাড়াই গতকাল নবম সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, চুক্তিটি সইয়ের ব্যাপারে সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। টেবিলে উত্থাপিত বিএনপির সাংসদ শাম্মী আক্তারের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বর্তমান সরকার তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে আন্তরিক। বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হওয়ায় চুক্তিটি সইয়ের ব্যাপারে সময়সীমা দেওয়া সম্ভব হচ্ছে না। দুই দেশের সরকারের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও চুক্তিটি না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশ সরকার চুক্তিটি সইয়ের ব্যাপারে তৎপরতা অব্যাহত রেখেছে। গতকাল বিকেল পাঁচটা পাঁচ মিনিটে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের উদ্বোধনী ভাষণে স্পিকার আশা প্রকাশ করে বলেন, এ অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু বিল পাস হবে। তা ছাড়া সরকার ও বিরোদী দল সংবিধানের আলোকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্বাগত বক্তব্যের পর আওয়ামী লীগের সাংসদ গোলাম সবুর ও সাবেক সাংসদ মুহাম্মদ ইকরামুল হক, শাহ্ জাহাঙ্গীর কবীর, কে এম হেমায়েত উল্যাহ আওরঙ্গ, খলিলুর রহমান চৌধুরী ও আব্দুল ওয়াহাব খানের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আ স ম ফিরোজ, শাহরিয়ার আলম ও রুহুল আমিন হাওলাদার। এরপর রেওয়াজ অনুযায়ী সাংসদ গোলাম সবুরের মৃত্যুতে সংসদের অধিবেশ আগামী রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদের অধিবেশন চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। গতকাল বিকেলে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে ঈদুল আজহা, দুর্গাপূজা ও অন্যান্য প্রয়োজনে অধিবেশন মুলতবি করার দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত করা হয়েছে।
তিনটি অধ্যাদেশ উত্থাপন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ-২০১৩, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০১৩ ও মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-২০১৩ গতকাল অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। তিনটি বিলই উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
প্রশ্নোত্তর পর্ব: এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, জিএসপি (যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা) বাতিল হওয়ায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে—বিষয়টি তেমন নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির মাত্র দশমিক ছয় ভাগ জিএসপি পেত। পোশাকশিল্প এই সুবিধার আওতায় ছিল না। আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত বন্দী বিনিময় চুক্তি গত ২৮ জানুয়ারি সই হয়েছে। ভারত ইতিমধ্যে চুক্তিতে অনুস্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার কর্তৃক অনুসমর্থনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।