তিস্তা চুক্তির ব্যাপারে সংশয় দীপু মনির

তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে তিন বছরের বেশি সময় ধরে জাতিকে আশ্বাস দিয়ে এলেও এবার সংশয় প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চুক্তিটি সইয়ের ব্যাপারে সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।
বিএনপির শাম্মী আক্তারের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বর্তমান সরকার তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে আন্তরিক। ২০১০ সালে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়। ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় চুক্তি সইয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু শেষ সময়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে চুক্তিটি সই হয়নি। তবে বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রীসহ নীতিনির্ধারকেরা চুক্তিটি সইয়ের ব্যাপারে আশ্বাস ব্যক্ত করেছেন। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা অব্যাহত থাকায় চুক্তিটি এখনো সই হয়নি। বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হওয়ায় চুক্তিটি সইয়ের ব্যাপারে সময়সীমা দেওয়া সম্ভব হচ্ছে না। দুই দেশের সরকারের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও চুক্তিটি না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশ সরকার চুক্তিটি সইয়ের ব্যাপারে তত্পরতা অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, সংসদের গত অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ আমির হোসেন বলেছিলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় তিস্তা চুক্তি সই হতে পারে।
রাশেদা বেগমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিএসপি বাতিল হওয়ায় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, বিষয়টি তেমন নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির মাত্র দশমিক ৬ শতাংশ জিএসপি পেত। বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য পোশাকশিল্প এই সুবিধার আওতায় ছিল না।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বাংলাদেশ-ভারত বন্দিবিনিময় চুক্তি গত ২৮ জানুয়ারি সই হয়েছে। ভারত ইতিমধ্যে চুক্তিতে অনুস্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার কর্তৃক অনুসমর্থনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
অপু উকিলের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থীদের পাশাপাশি অনিবন্ধিত অনুপ্রবেশকারীদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে সরকার জোর কূটনৈতিক তত্পরতা অব্যাহত রেখেছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইতিমধ্যে দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জন শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
বেনজীর আহমদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য শান্তিচুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়ন হয়েছে। বাকি ধারাগুলো বাস্তবায়নাধীন আছে। বিএনপি, জামায়াত ও আঞ্চলিক সংগঠন পার্বত্য গণপরিষদ, সম-অধিকার আন্দোলন, সম-অধিকার ছাত্র আন্দোলন, ইউপিডিএফসহ কিছু স্থানীয় সংগঠন বাস্তবায়নাধীন কাজে বাধা দিচ্ছে।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ১৯তম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়।