তিস্তা নদী থেকে ৬ নবজাতকের মরদেহ উদ্ধার
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর বার্ণির ঘাট এলাকা থেকে ছয় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও এলাকাবাসী জানায়, ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ী গ্রামের রুবেল ইসলাম (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী আজ সকাল ১০টার দিকে তিস্তার বার্ণির ঘাট এলাকায় ঢলের পানিতে ভেসে আসা কাঠ সংগ্রহ করছিলেন। এ সময় ভাসমান বড় পলিথিনের ব্যাগ দেখে তা টেনে ডাঙায় তোলে রুবেল। ডাঙায় তুলে পলিথিনের ব্যাগ খুলে ছয় নবজাতকের মরদেহ দেখতে পায় সে। এরপর এলাকাবাসী নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে জেলার মর্গে পাঠায়।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তিস্তায় বন্যার ঢলের পানিতে ভেসে আসা কাঠ সংগ্রহ করার সময় রুবেল ইসলাম পলিথিনের ব্যাগটি ডাঙায় তুলে ছয় নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, স্থানীয় লোকজন তিস্তা নদীতে ভেসে আসা ছয়টি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ছয় নবজাতকের মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী ভারতের সীমান্ত¯প্রায় চার কিলোমিটার দুরে হওয়ায় ধারণা করা হচ্ছে ভারতের কোনো ‘ক্লিনিকে অবৈধ গর্ভপাতের’ পর মরদেহগুলো পলিথিনের ব্যাগে করে নদীতে ফেলে দেওয়া হতে পারে। মরদেহগুলো ৩-৪ মাসের ভ্রূণ হওয়ায় এদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করা হয়েছে। ছয় নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের¯জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।