‘তিস্তা নদী হামাক শ্যাষ করিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম উলিপুর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী বজরা এলাকায় নদীতে ভেঙে যাওয়া বসতভিটার অবশিষ্টাংশে বসে স্রোতে ভেসে যাওয়া ঘরের চাল ও গাছপালা দেখছেন বাসমত বেওয়া (৬১)
ছবি; প্রথম আলা

নদীতে ভেঙে যাওয়া বসতভিটার অবশিষ্টাংশে বসে স্রোতে ভেসে যাওয়া ঘরের চাল ও গাছপালা দেখছিলেন বাসমত বেওয়া (৬১)। পাশেই নদীর পাড় ভেঙে নদীতে আছড়ে পড়ছে। তাঁর সেদিকে খেয়াল নেই। কাছে গিয়ে কথা বলতে চাইলে চুপচাপ। কোনো দিকে খেয়াল নেই। একসময় মুখ ফিরিয়ে বলেন, ‘কী বলমো, তিস্তা নদী হামাক শ্যাষ করিল। ভিটা বাড়ি সউগ নদীত। বুক শিলা নাগছে। থাকার জাগা নাই। এল্যা কোটে যাই।’

এ অবস্থা কুড়িগ্রাম উলিপুর উপজেলার তিস্তা নদীর তীরবর্তী বজরা এলাকায়। গত কয়েক দিনের নদীভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, অর্ধশতাধিক বসতভিটা, ব্যবসাপ্রতিষ্ঠান, পাকা সড়ক নদীতে বিলীন হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে পশ্চিম বজরায় গিয়ে দেখা যায়, উত্তরে সাতানশ কর গ্রাম থেকে দক্ষিণে সাদুয়া দামার হাটচর বজরা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। হস্তান্তরের আগেই পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের মুখে পড়ায় খুলে নিয়ে যাওয়া হচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরজাহান বেগম ও বিদ্যালয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন দাঁড়িয়ে থেকে বিদ্যালয়ের চাল খুলছে। আসবাব নিয়ে যাচ্ছে।

নুরজাহান বেগম বলেন, বিদ্যালয় ভবন হস্তান্তরের আগেই বিদ্যালয়টি ভাঙনের মুখে পরেছে। তাই বিদ্যালয়ের আসবাব চাল সরিয়ে নিতে হচ্ছে।

বিদ্যালয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, অনেক ফসলি জমি বসতভিটা বিলীন হয়ে গেছে। বিদ্যালয়টি আপাতত সরিয়ে এক বাড়িতে নিয়ে রাখছি। পরিস্থিতি ভালো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নদীতে বাড়ি ভেঙেছে আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, জাহানারা বেগমসহ অনেকের। সবাই পাশেই অবিয়াল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়ে আছে। একই এলাকার অনিমা বেগম ও গোলাম মোস্তফা জানান, এবার নিয়ে নয়বার বাড়ি ভাঙছে। ভাঙনের মুখে পরেছে পুরোনো বজরা বাজারসহ শতাধিক ঘরবাড়ি।

এখান থেকে এক কিলোমিটার দূরে খামার বজরা গিয়ে দেখা যায়, তিস্তা নদীর পানির স্রোত উত্তর ও পশ্চিম দিক থেকে ধেয়ে এসে খামার বজরায় ভাঙন সৃষ্টি করেছে। নিমেষেই পাকা সড়ক, বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু কোনো কাজে আসছে না।
সাকিব এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জিও টিউব ও জিও ব্যাগে বালু ভরে ভাঙন এলাকায় ফেলছে। তবে কোনো কাজে আসছে না। তীব্র স্রোতে ব্যাগগুলো নিমেষেই তলিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা মজিবর রহমান বিএসসি ক্ষোভের সঙ্গে বলেন, পাউবো ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলছে। আগে ফেললে কী হতো। এলাকাটি বিলীন হওয়ার পথে। একটা পাকা সড়ক ছিল গতবার ভেঙে যায়। হুমকির মুখে ঐতিহাসিক কাশিম বাজার এলাকাটি।

মুক্তিযোদ্ধা আবদুর জব্বার বলেন, গত বছর থেকে এলাকাটি ধনুকের মতো ভাঙছে। এবার আরও তীব্র আকার ধারণ করেছে। ঠিকাদার জিও টিউব ও জিও ব্যাগ ফেলছে। কাজ হচ্ছে না। তিস্তা নদীর স্রোত উত্তর পশ্চিম দিক থেকে এসে চরে লেগে উত্তর ও পূর্বে এলাকায় ভাঙন সৃষ্টি করেছে। এখানে পাঁচটি পাকা বাড়িসহ অসংখ্য কাঁচা বাড়ি, ভিটা ও ফসলি জমি বিলীন হয়েছে।

বজরা ইউপি চেয়ারম্যান বাবুল আমিন বলেন, ‘আমার এলাকায় কয়েকটি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে স্কুল, অর্ধশতাধিক ঘরবাড়ি কয়েক হাজার ফসলি জমি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ মসজিদ নদীতে বিলীন হয়েছে।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ১৭ হাজার জিও ও ৭৫০টি জিও টিউব ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। সরকারের ৮ হাজার ২০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন। এটি বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের মানুষের দুঃখ থাকবে না।