তিস্তা নিয়ে আলোচনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল বুধবার অনুষ্ঠিত বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠক শেষে খোদ মমতাই এ কথা জানিয়েছেন।
গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে মোদি-মমতার নির্ধারিত বৈঠকটি হয়। আগে থেকে জল্পনা ছিল এবং কেন্দ্রীয় সূত্রের ইঙ্গিতও ছিল, রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কথা বলার অবসরে এই বৈঠকে প্রধানমন্ত্রী তিস্তা প্রসঙ্গ তুলবেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিস্তা প্রসঙ্গটি আলোচিত হয়েছে কি না, জানতে চাওয়া হলে মমতা বলেন, ‘না, তিস্তা নিয়ে কোনো কথাই হয়নি।’ ছিটমহল প্রসঙ্গ আলোচনায় উঠেছিল কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওটা তো আগেই মিটে গেছে। ছিটমহল বিনিময় হয়ে গেছে। কেন্দ্রও আর্থিক প্যাকেজ দিয়েছে।’
কেন্দ্রীয় সূত্রের খবর, আগামী বছর মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন না হলে তিস্তা পানি বণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা কম। মমতার আশঙ্কা, তিস্তা চুক্তির ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সেচের পানিতে টান পড়বে। এ সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে একটা পৃথক আর্থিক প্যাকেজ দিতে পারে। সেই টাকায় উত্তরের জেলাগুলোতে বিভিন্ন সেচ প্রকল্প গড়ে তোলা হবে। মমতা তাঁর ঘনিষ্ঠ মহলে যা বলেছেন, তার নির্যাস, ভোটের আগে এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নয়।
গতকালের বৈঠকে ভারত-বাংলাদেশ-ভুটান-নেপালের অর্থনৈতিক অগ্রগতির জন্য পশ্চিমবঙ্গে একটি শিল্প করিডর গড়ে তোলার জন্য নরেন্দ্র মোদিকে অনুরোধ করেন মমতা। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মমতা বলেন, সরকারের ‘লুক ইস্ট’ (পূর্বে তাকাও) নীতি অনুসারে এই শিল্প করিডর গড়ে তুলতে কেন্দ্রের বিশেষ উদ্যোগ নেওয়া দরকার।
মমতা বলেন, এই শিল্প করিডর গড়ার অর্থ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা, উড়ালসেতু ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা। তা হলে বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে বাণিজ্য বহুলাংশে বেড়ে যাবে এবং আর্থিক দিক থেকে রাজ্যের উন্নতি হবে।
চার দেশের মধ্যে সই হওয়া বাস চলাচল চুক্তির আলোয় এই প্রস্তাব কি না, জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘চুক্তিটা চার দেশের পরিবহনমন্ত্রীদের মধ্যে হয়েছে। আমি প্রস্তাব দিয়েছি, শিল্প করিডর গড়ে তুললে চার দেশেরই শিল্পের উন্নতি ঘটবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন।