তিস্তা নিয়ে আরও কঠোর অবস্থানে মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

তিস্তা প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অনড়ই নন, বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগির প্রশ্নে নিজের অবস্থান তিনি আরও দৃঢ় করেছেন। এতটাই যে, বিদ্যুৎ-বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিকিম যেতে তিনি নিষেধ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুলতান আহমেদকে।

সিকিমে তিস্তা নদীতে যে আটটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে, তাতে তিস্তায় পানিপ্রবাহ কমেছে কি না, সংসদীয় স্থায়ী কমিটির তা খতিয়ে দেখার কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে কমিটির সিকিম যাত্রা বাতিল হয়ে যায়। তার বদলে বৈঠক হয় কলকাতায়।

কমিটির অন্যতম সদস্য কেরালা থেকে লোকসভায় নির্বাচিত সিপিএম সদস্য এম বি রাজেশ গত সোমবার প্রথম আলোকে বলেন, আগরতলা বৈঠকের পর দুর্গাপুর এসে জানা যায় গ্যাংটকের বৈঠকটা বাতিল হয়েছে। গ্যাংটকে ন্যাশনাল হাইড্রো পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) ও ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক বাতিল হওয়ায় গত সোমবার কলকাতায় সেই বৈঠক হয়। সিকিম না যাওয়ায় কলকাতার বৈঠকে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি।

সুলতান আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, দলীয় কাজে ব্যস্ত থাকায় তিনি এই কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি।

শেখ হাসিনার সফরের কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। লোকসভা ও রাজ্যসভার মোট ৩০ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটির বৈঠক তিন রাজ্যে হওয়ার কথা ছিল। ত্রিপুরার রাজধানী আগরতলায় বৈঠক করে কমিটির সদস্যরা যান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুর। সেখানে দ্বিতীয় বৈঠকের পর কমিটির সদস্যদের যাওয়ার কথা ছিল সিকিমের রাজধানী গ্যাংটকে।

এদিকে গত সোমবার উত্তরবঙ্গ সফরের সময় কোচবিহার গিয়ে মমতা তিস্তা প্রসঙ্গ নতুন করে টেনেছেন। মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু। বাংলাদেশকে আমরা ভালোবাসি। কিন্তু তিস্তায় জল না থাকলে কী করব? উত্তরবঙ্গের চাষের কাজে জল দিয়ে বাড়তি জল থাকলে তা দিতে আপত্তি নেই। কিন্তু রাজ্যকে বঞ্চিত করে জল দিতে পারব না।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বিকল্প প্রস্তাব প্রসঙ্গে মমতা বলেন, বাংলাদেশ তোর্সা, মানসইয়ের মতো নদীর জল নিয়ে আলোচনায় বসুক। কিন্তু তিস্তায় পর্যাপ্ত জল না থাকলে বাংলাদেশকে কী করে দেব?’

মমতা যে সময় উত্তরবঙ্গে, ঠিক সেই সময়েই উত্তরবঙ্গ থেকে তাঁর রাজ্য সফর শুরু করেছেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ। তিস্তা নিয়ে বিজেপির রাষ্ট্রীয় মনোভাব ভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের এই দাবির প্রতি সহানুভূতিশীল। কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রাজনীতির দরুন রাজ্যকে এড়িয়ে কেন্দ্রীয় স্তরে তিনি কিছু করতে চাইছেন না। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, তাঁদের সময়কালেই তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে।