নয়াদিল্লিতে মনমোহনের সঙ্গে মমতার বৈঠক ৪ মে
তিস্তা নিয়ে আলোচনার জন্য কলকাতায় যাচ্ছে মনমোহনের দল
তিস্তার পানিবণ্টন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনার জন্য কলকাতায় যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কার্যালয়ের একটি দল। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের আগে সে দেশের কেন্দ্রীয় সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে চলতি সপ্তাহের শেষের দিকেই ঢাকায় আসছেন প্রণব মুখার্জি। ৫ মে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।গত রোববার কলকাতা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আশা প্রকাশ করেন, ভারতের সঙ্গে শিগগিরই তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে। ৭ মে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানান।তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে অর্ধেক-অর্ধেক (৫০: ৫০) ভাগাভাগিতে আপত্তি জানিয়ে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাইছেন, বাংলাদেশকে ২৫ শতাংশ দিতে। কিন্তু নয়াদিল্লির সূত্রমতে, ভারতের কেন্দ্রীয় সরকার এখন তাঁকে অনুরোধ করবে বাংলাদেশকে ৪০ শতাংশ পানি দিতে রাজি হওয়ার জন্য। এর পরও যদি তিনি অনমনীয় থাকেন, সে ক্ষেত্রে বাংলাদেশ হয়তো ৩০ শতাংশ পেলেই মেনে নেবে।ভারতীয় বিশেষজ্ঞরা মনে করেন, তিস্তার পানি বেশি ছেড়ে দেওয়া হলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাবে। এ ছাড়া বিশেষজ্ঞরা বলছেন, তিস্তায় ২১টি পানিবিদ্যুৎকেন্দ্র (১৯টি সিকিমে এবং দুটি পশ্চিমবঙ্গে) স্থাপন করা হচ্ছে। এটা হলে তিস্তার পানিপ্রবাহ আরও কমে যাবে এবং অনেক এলাকায় তিস্তা শুকিয়ে যাবে।এদিকে ৪ মে নয়াদিল্লিতে মনমোহনের সঙ্গে মমতার বৈঠকে তিস্তার পানিবণ্টনের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া।