তিস্তা নিয়ে নড়াচড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিমের বাঁধ তিস্তার পানি আটকাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন দল গঠন করা হচ্ছে। সেই দল চলতি মাসেই সিকিম যাবে।

সেই দলে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকবেন। থাকবেন নদী বিশেষজ্ঞরাও। আর থাকবেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। প্রতিনিধিদলের লক্ষ্য, শুষ্ক মৌসুমে তিস্তার পানিপ্রবাহ বাড়ানোর কোনো সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা। বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই এই সিদ্ধান্ত। ভারত সফরের সময় শেখ হাসিনাকে মোদি আশ্বাস দিয়ে বলেছেন, তাঁদের শাসনের মেয়াদেই তিস্তা চুক্তি সই করা হবে। এই প্রতিশ্রুতি পালন করতে মোদির হাতে আর মাত্র এক-দেড় বছর সময় থাকছে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি আসার আগের দিনেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব মলয় দে দিল্লি এসে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সচিব নৃপেন্দ্র মিশ্রর সঙ্গে দেখা করেন। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে তিস্তার ওপর একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। তা কেন্দ্রীয় সরকারের কাছে পেশও করা হয়। রিপোর্টে বলা হয়েছে, জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য সিকিম তিস্তার ওপর মোট আটটি বাঁধ দিয়েছে। শুষ্ক মৌসুমে বাঁধগুলো তিস্তার মোট ৬০ শতাংশ পানি আটকে রাখছে বলে পশ্চিমবঙ্গের অভিযোগ। বিশ্বস্ত সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মমতা বলেছেন, তিস্তার পানিপ্রবাহ বাড়ানো গেলে গ্রীষ্মে বাংলাদেশকে তার ভাগ দিতে আপত্তির কারণ নেই। কিন্তু বর্তমানে যা অবস্থা, তাতে পানি দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। রাজ্যের স্বার্থটাও তাঁকে দেখতে হবে।

এই আলোচনার পরিপ্রেক্ষিতেই সিকিমে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত। তা যদি বাস্তবায়িত হয়, তা হলে বলা যায়, তিস্তা নিয়ে এই প্রথম কেন্দ্রীয় স্তরে কিছুটা নড়াচড়া হবে। সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের অভিযোগ ছিল, গত ছয় বছরে তিস্তা চুক্তি নিয়ে কেউ তাঁর সঙ্গে কথা বলেননি। এর আগে গত বছরের শেষ প্রান্তে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জলবিদ্যুৎ প্রকল্পগুলোর কারণে তিস্তার প্রবাহ কমেনি। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলতেও প্রস্তুত বলে জানিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার যেমন কোনো আগ্রহ দেখায়নি, পশ্চিমবঙ্গ সরকারও তাঁর সঙ্গে কথা বলেনি।