তিস্তা নিয়ে মমতার ওপর আস্থা আছে বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানিবণ্টন চুক্তি সই প্রশ্নে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের। গতকাল সোমবার কলকাতায় মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
৪০ মিনিট ধরে সাক্ষাতের পর মোয়াজ্জেম আলী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে সর্বশেষ সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন তিস্তা বিষয়ে তাঁর ওপর আস্থা রাখতে। আজ আমরা তাঁকে বলেছি, এ বিষয়ে তাঁর ওপর আমাদের আস্থা অব্যাহত আছে।’
প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, দ্বিতীয় দফায় মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে গতকাল শুভেচ্ছা জানাতে কলকাতায় যান মোয়াজ্জেম আলী। বিকেল তিনটায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দিল্লি ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের দুই ডেপুটি হাইকমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরী, জকি আহাদ ছাড়াও কলকাতা উপহাইকমিশনের হেড অব চ্যান্সেরি মাইনুল কবির।
দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ায় মমতাকে শুভেচ্ছা জানান বাংলাদেশি প্রতিনিধিরা। মমতার হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক, জামদানি শাড়ি, নৌকা প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ অন্য উপহারসামগ্রী। মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।
এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিক তুলে ধরে মমতা বলেন, এ সম্পর্ক আরও জোরদার করা হবে। সংস্কৃতির বিনিময় বাড়াতে হবে। দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সমাধান ও উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশে জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করেন ও এ উদ্যোগকে স্বাগত জানান মমতা।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোয়াজ্জেম আলী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা হয়েছে। তিস্তার পানিবণ্টন চুক্তি সই প্রশ্নে মুখ্যমন্ত্রী তাঁকে এই বলে আশ্বস্ত করেছেন যে, ‘আপনারা ভরসা রাখুন। চুক্তি সম্পাদনে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেব।’