ভারতের সঙ্গে তিস্তাচুক্তির ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে খুব শিগগির এ পানিচুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলায় একটি অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন। জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে অতিদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি ও শিক্ষা নিশ্চিতকরণে স্থানীয় সরকার বিভাগের একটি পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।উপদেষ্টা রিজভী বলেন, তিস্তার বিদ্যমান সমস্যা এক দিনে সৃষ্টি হয়নি। এটা অনেক পুরোনো সমস্যা। ভারতের পক্ষ থেকে কিছু সমস্যা আছে, তা মিটে গেলেই সমস্যার সমাধান হবে। এ ব্যাপারে দেশবাসীকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি তিস্তা নদী ও এই অঞ্চলের মানুষের সমস্যা কাছ থেকে দেখেছি। আশা করি, চুক্তি হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস। আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন-অর-রশীদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের অতিরিক্ত পরিচালক বরেন্দ্রনাথ রায় ও নীলফামারী জেলা প্রশাসক আবদুল মজিদ।