তিস্তা প্রধান সেচখালের বাঁধ বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে তিস্তা সেচ প্রকল্পের প্রধান সেচ খালের ৫০ থেকে ৬০ ফুট অংশ বিধ্বস্ত হয়েছে। এতে দুই কিলোমিটার এলাকায় পানি ও কাদামাটি ঢুকে প্রায় ৫০ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ।
খালের বাঁধে ফুটো করে পাইপ বসিয়ে সেচের জন্য পানি নেওয়ায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে তিস্তার প্রধান সেচ খালের পশ্চিম দিকে বাঁধের ৫০ থেকে ৬০ ফুট ভেঙে যায়। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পাউবো উজানে খালের কপাট বন্ধ করে ও ভাটিতে কপাট খুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ বড়ভিটা গ্রামের কৃষক মতিয়ার রহমান (৬০) বলেন, গ্রামের ওপর দিয়ে সেচখালটি রংপুর ও বগুড়ায় নেওয়া হলেও পাউবো এ অঞ্চলের কৃষকদের সেচ নেওয়ার ব্যবস্থা করেনি। তাই কৃষকেরা বাঁধ ফুটো করে পানি নেন। রাত আটটার দিকে বাঁধটি ভেঙে গেলে অনেক ধানখেত ডুবে যায়। অনেকের বাড়িতে পানি ওঠে। চরেয়া বিলে তাঁর প্রায় ১০ বিঘা জমির আধা পাকা ধান ডুবে আছে।
কৃষক কমলেশ রায় (২৫) বলেন, ‘বাঁধ ভাঙায় চরেয়া বিলের পাশে আমার ছয় বিঘা জমির আধা পাকা ধান সম্পূর্ণ ডুবে নষ্ট হয়ে গেছে।’ তিনি অভিযোগ করেন, এলাকার কৃষক মশিয়ার রহমান বাঁধে পাইপ ঢুকিয়ে পানি নেওয়ায় এ সমস্যা হয়েছে।
আরেক কৃষক মনছুর আলী (৬৫) বলেন, দুই কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৫০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দ্রুত মেরামত না করলে আরও বড় সমস্যা হবে।
একই কথা বলেন ওই গ্রামের কৃষক আফসার আলী, অহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবদুল গফুরসহ অনেকে।
রাতেই ওই এলাকা পরিদর্শন করেন নীলফামারী-৩ (জলঢাকা ও কিশোরগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের সাংসদ গোলাম মোস্তফা। তিনি প্রথম আলোকে বলেন, ‘বোরো ধানের বেশ ক্ষতি হয়েছে। আর ১০-১২ দিনের মধ্যে ওই ধানগুলো কৃষক ঘরে তুলতে পারতেন। কৃষকেরা যাতে তাঁদের ক্ষতিপূরণ পান সে ব্যাপারে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’
পাউবোর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী টি এম নুরুল ইসলাম বলেন, কৃষকেরা খালের বাঁধ ফুটো করে পানি নেওয়ায় বাঁধের ৫০ থেকে ৬০ ফুট বিধ্বস্ত হয়েছে। পাঁচ-ছয় দিনের মধ্যে বাঁধটি মেরামত করা হবে। এখন সেখানে বালুর বস্তা দিয়ে প্রাথমিকভাবে বাঁধ দিয়ে সেচের কাজ চালুর চেষ্টা করা হচ্ছে।
তিস্তায় পানির প্রবাহ বৃদ্ধি: পাউবো সূত্র জানায়, গত ২২ এপ্রিল হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকায় তিন হাজার ছয় কিউসেক পানি পাওয়া যায়। পরদিন থেকে আবারও পানি কমতে থাকে। ২৬ এপ্রিল একটু বেড়ে এক হাজার ৩৬৬ কিউসেক, ২৭ এপ্রিল এক হাজার ৯৫৫ কিউসেক ও ২৯ এপ্রিল আরও বেড়ে তিন হাজার ২৬০ কিউসেক পানি পাওয়া যায়। তবে গতকাল ৩০ এপ্রিল একটু কমে দুই হাজার ৯১৩ কিউসেক পানি পাওয়া যায়।