তিস্তা প্রশ্নে মমতার সহযোগিতা চাইলেন মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা চুক্তি প্রশ্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা কামনা করেছেন। গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।দক্ষিণ আফ্রিকার ডারবানে সদ্য সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে গত বৃহস্পতিবার বিশেষ বিমানে দেশে ফেরার পথে সাংবাদিকদের মনমোহন সিং বলেন, ‘তিস্তা চুক্তির ব্যাপারে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রার্থনা করছি। আমার প্রত্যাশা, এ সমর্থন পাব।’ সম্প্রতি ক্ষমতাসীন জোট ছেড়ে ডিএমকের চলে যাওয়া এবং মুলায়ম সিং যাদবের উল্টো সুরে গান গাওয়া শুরুর পর কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার সংকটে পড়েছে। এই বিষয়টিই কার্যত স্বীকার করে নিয়েছেন মনমোহন সিং। সংকটময় এই পরিস্থিতিতে পুরোনো বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য ‘প্রার্থনা’ করেছেন তিনি।অনেকের মতে, প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা চুক্তির কথা বললেও সামগ্রিকভাবে তাঁর যে তৃণমূল নেত্রীকে দরকার, সেই কথাই বোঝাতে চেয়েছেন তিনি। আনন্দবাজার পত্রিকা।