তিস্তা বাঁচানোর লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারাজ অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রংপুর মহানগর বিভাগ। গতকাল রোববার বেলা ১১টা ২৫ মিনিটে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে এই লংমার্চ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির নেতৃত্ব দেন বাসদের কনভেনশন প্রস্তুতি কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেন ওরফে বাবলু ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রিভারাইন পিপলস সংগঠনের সিনেটর তুহিন ওয়াদুদ। লংমার্চটি রংপুরের পাগলাপীর, গঞ্জিপুর, চন্দনেরহাট, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার, বড়ভিটা, বিন্নাকুরি, বড়ঘাট ও জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে পথসভা করে। বিকেল পাঁচটার দিকে তিস্তা ব্যারাজসংলগ্ন দোয়ানী বাজারে গিয়ে মানববন্ধন ও পানির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে সমাপনী সমাবেশ হয়। এতে নীলফামারী, রংপুর ও লালমনিরহাটের লক্ষাধিক মানুষ অংশ নেন।
বাসদ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপনী সমাবেশে বক্তব্য দেন পলাশ কান্তি রায়, তুহিন ওয়াদুদ, আরেফিন হোসেন, রোকনুজ্জামান, রবীন্দ্রনাথ রায়, কৃষ্ণ কমল রায় প্রমুখ। বক্তারা বলেন, ভারত একতরফাভাবে তিস্তার পানি সরিয়ে নিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর চেষ্টা করছে। এরই প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, তিস্তা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক নদী। সেচকাজে ব্যবহারের জন্য ভারত গজলডোবা ব্যারাজের মাধ্যমে তিস্তার পানি আটকে রেখে অন্যত্র সরিয়ে নিচ্ছে। ফলে তিস্তা নদী ও বাংলাদেশের সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পানিশূন্য হয়ে পড়ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ অংশে বন্যা ও নদীভাঙন দেখা দিচ্ছে। বর্তমানে তিস্তায় সঞ্চরণকালের ভয়াবহ পানিসংকট চলছে। পানি না থাকায় হাজার হাজার একর জমিতে বোরো ধানের চারা শুকিয়ে যাচ্ছে। ফসলের জমি ফেটে চৌচির হয়ে গেছে। পানির স্তর নেমে গেছে প্রায় চার-পাঁচ ফুট। এর পরিণামে আসের্নিকযুক্ত পানি পান করতে বাধ্য হচ্ছে মানুষ। অচিরেই তিস্তার পানি চুক্তি ও নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ন রাখার দাবি জানান বক্তারা। তিস্তা চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।