তিস্তা ব্যারাজ দিয়ে আর ভারী যান চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা ব্যারাজের ওপর দিয়ে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে। তবে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত এ ব্যারাজের ওপর দিয়ে টোল ছাড়াই হালকা যান চলতে পারবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যারাজের স্থায়িত্বের স্বার্থেই ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ক নোটিশ গত বুধবার পাউবোর ডালিয়া ডিভিশন থেকে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। ব্যারাজের দুই দিকেও নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে টোল ছাড়াই প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেল চলতে পারবে।
পাউবো সূত্র জানায়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়ার ৩৫টি উপজেলার ১৩ লাখ ৩৫ হাজার একর জমিতে সেচ দিতে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের মূল ব্যারাজের নির্মাণকাজ শেষ হয় ১৯৯০ সালের ৫ আগস্ট। সেই থেকে ব্যারাজের ওপর দিয়ে হালকা যান চলাচল শুরু হয়। ১৯৯৪ সালে ব্যারাজের ওপর দিয়ে চলাচলে টোলব্যবস্থা চালু হয়। তখন বাস ও ট্রাকপ্রতি টোল ছিল ২০ টাকা। ২০০৪ সালে তা করা হয় ৫০ টাকা এবং সর্বশেষ ২০১০ সালে তা ৫০০ টাকা ধার্য করা হয়।
সূত্র জানায়, প্রথম দিকে শর্ত ছিল, ব্যারাজের ওপর দিয়ে ২০ মেট্রিক টনের অধিক কোনো মালবাহী যান চলতে পারবে না। কিন্তু শর্ত উপেক্ষা করে পাথর ও বালুবোঝাই ভারী যানসহ ১০ চাকার অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল শুরু করে। ভারী যান চলার হার বাড়তে থাকায় একপর্যায়ে ব্যারাজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।
তবে ফাটলের কথা অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ফাটলের জন্য নয়, স্থায়িত্বের স্বার্থে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সর্বশেষ গত বছর শর্তসাপেক্ষে দুই কোটি ৮৮ লাখ টাকায় ব্যারাজের টোল আদায়ের ইজারা পান হাতীবান্ধার আলমগীর হোসেন। তাঁর ইজারার মেয়াদ গতকালই শেষ হয়েছে।
এদিকে ব্যারাজের ওপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্তটি পরিপূর্ণভাবে কার্যকর ও স্থায়ী করার দাবিতে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছেন বৃহত্তর রংপুরের সেচ সুবিধাভোগী ৪৬টি সমিতির কৃষকেরা। ডালিয়া পাউবো কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা সমাবেশ ও মানববন্ধন করেন তাঁরা।