তিস্তা ব্যারাজ দিয়ে ২০ টনের বেশি পণ্য পরিবহন বন্ধ
দেশের বৃহৎ সেচপ্রকল্প তিস্তা ব্যারাজের ওপর দিয়ে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যারাজের দুই পাশে কয়েক শ পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ এপ্রিল পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র শীল তিস্তা ব্যারাজ পরিদর্শনে যান। এ সময় মন্ত্রী ব্যারাজের ওপর দিয়ে ২০ টনের বেশি মালামাল পরিবহন বন্ধের নির্দেশ দেন। ফলে ২০ টনের বেশি মাল পরিবহন না করার জন্য ব্যারাজ কর্তৃপক্ষ বুড়িমারী স্থলবন্দরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালান। গত মঙ্গলবার বিকেল থেকে তা কার্যকর করা হয়।বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ব্যারাজের দুই পাশে তিন শতাধিক মালবোঝাই ট্রাকের দীর্ঘ সারি। এগুলোর অধিকাংশই বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরসহ অন্যান্য পণ্য নিয়ে আসা। ট্রাকচালকেরা জানান, তাঁরা দীর্ঘ দিন ধরে ব্যারাজের ওপর দিয়ে যাতায়াত করছেন। তবে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত তাঁরা জানতেন না।তিস্তা ব্যারাজের (নিরাপত্তা) সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ২০ টনের অধিক মালামাল পরিবহন না করার জন্য এক সপ্তাহ ধরে তাঁরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। এ জন্য ট্রাকচালকদের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি হাতীবান্ধা, পাটগ্রাম, বুড়িমারীসহ বেশ কিছু স্থানে মাইকিং করা হয়েছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক বলেন, তিস্তা ব্যারাজ সেচপ্রকল্প দেশের একটি জাতীয় সম্পদ। ওই সম্পদ রক্ষায় ২০ টনের অধিক মালামাল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।তিস্তা ব্যারাজের টোল ইজারাদার সিরাজুল হক বলেন, ‘ব্যারাজের নিয়ম অনুযায়ী যানবাহন চলাচল করবে, এতে কোনো আপত্তি নেই।’হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও অতিরিক্ত মালামাল নিয়ে তিস্তা ব্যারাজ পারাপারে চেষ্টা করায় বুধবার দোয়ানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত অতিরিক্ত মালবোঝাই ৫৪টি ট্রাকের বিরুদ্ধে মামলা এবং প্রায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।