তিস্তা ব্যারাজের টোল আদায়ে দরপত্র-প্রক্রিয়া স্থগিত
লালমনিরহাটের তিস্তা সেচ প্রকল্পের প্রায় দেড় কোটি টাকার টোল আদায়ের দরপত্র-প্র্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জনৈক ঠিকাদারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন। আদেশের ফলে তিস্তা ব্যারাজের টোল আদায়ের কার্যক্রম তিন মাস পিছিয়ে গেল।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, জেলার হাতীবান্ধা উপজেলার ডালিয়া (দোয়ানী) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে তিস্তা ব্যারাজের টোল আদায়ে প্রতিবছর আহবান করা হয়। গত বছর জনৈক আলহাজ সিরাজুল ইসলাম প্রায় এক কোটি ৪০ লাখ টাকায় টোল আদায়ের টেন্ডারের কাজ পান। অভিযোগ ওঠে, গত বছর আগে দরপত্র আহ্বান করলে মাত্র চার লাখ টাকা আর্নেস্ট মানি জমা দেওয়ার বিধান ছিল। অথচ এ বছর একই ধরনের দরপত্র আর্নেস্ট মানি ৪০ লাখ টাকার বিধান করা হয়েছে। ঠিকাদারেরা এ বিধানটি রহিত করার আবেদন জানান কর্তৃপক্ষের আছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ঠিকাদারদের আবেদনে কর্ণপাত না করায় তাঁরা আদালতের আশ্রয় নেন। এ দরপত্র-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জনৈক ঠিকাদার আলমগীর হোসেন হাইকোর্টে রিট পিটিশন করেন। তাঁর এই আবেদনের ভিত্তিতে গত রোববার তিন মাসের জন্য দরপত্র-প্র্রক্রিয়া স্থগিত করেন হাইকোর্ট। এ ব্যাপারে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বাসিন্দা ঠিকাদার আলমগীর হোসেন বলেন, ‘হাইকোর্টের রায়ে সব ঠিকাদার উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।’পাউবোর তিস্তা ব্যারাজের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘নিয়ম মেনেই দরপত্র আহ্বান করা হয়েছিল। তবে উচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, তার প্রতি সম্মান জানিয়ে দরপত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে। দরপত্র-প্রক্রিয়ার স্বচ্ছতা আইনি লড়াইয়ের মাধ্যমে মোকাবিলা করা হবে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তর পানি সেচ প্রকল্প এই তিস্তা ব্যারাজ। এ ব্যারাজের ওপর দিয়ে বুড়িমারী স্থলবন্দরের সড়কপথে আমদানি-রপ্তানি পণ্য দেশের অভ্যন্তরীণ বাজার এবং ভারত, ভুটান, নেপালসহ বিদেশে রপ্তানি হয়ে থাকে।