তিস্তা ব্যারাজের পথে বাম মোর্চার রোডমার্চ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কাছ থেকে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ও সরকারের ‘নতজানু নীতির’ প্রতিবাদে ঢাকা থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। কর্মসূচির শুরু থেকে একাধিক সমাবেশে তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার এক সমাবেশ শেষে এ কর্মসূচি শুরু হয়। গাজীপুর ও টাঙ্গাইল হয়ে গতকাল সন্ধ্যা সাতটার কিছু পরে রোডমার্চ বগুড়া পৌঁছানোর পর সেখানে একটি সমাবেশ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাতে বগুড়ায় অবস্থান করবেন। আগামীকাল বৃহস্পতিবার এ কর্মসূচি শেষ হওয়ার কথা। তিস্তা ব্যারাজের অবস্থান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে।
তিস্তা নদীর বাংলাদেশ অংশে পানির প্রবাহ সম্প্রতি গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে ব্যারাজের আওতায় থাকা বিপুল পরিমাণ জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এ ছাড়া হুমকির সম্মুখীন হয়েছে জীববৈচিত্র্য। অভিযোগ রয়েছে, মূলত ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা জানিয়েছেন, তিন দিনের এই কর্মসূচি বগুড়ার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, রংপুর ও নীলফামারীর জলঢাকা হয়ে ১০ এপ্রিল বিকেলে তিস্তা ব্যারাজসংলগ্ন দোয়ানীবাজারে গিয়ে শেষ হবে। সেখানে একটি সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে। রোডমার্চ যাওয়ার পথে পথে হবে সমাবেশ, মিছিল, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকায় উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, এই কর্মসূচি শুধু পানি রক্ষার জন্যই নয়, এটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাম মোর্চার নেতা জোনায়েদ সাকি, মোশরেফা মিশু প্রমুখ।
বগুড়ায় সমাবেশ: বগুড়া প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় তিস্তা অভিমুখী রোডমার্চকে স্বাগত জানাতে বগুড়ার সাতমাথায় এক সমাবেশের আয়োজন করে জেলা গণতান্ত্রিক বাম মোর্চা। জোটের সমন্বয়ক সামছুল আলম এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৩ সালের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও ভারত তিস্তার পানির যথাক্রমে ৩৬ ও ৩৯ শতাংশ পাবে এবং ২৫ শতাংশ প্রবাহের জন্য সংরক্ষিত থাকবে—এমন কথা থাকলেও ভারতের বিরোধিতার কারণে তা বাস্তবায়িত হয়নি। উল্টো জলপাইগুড়ির গজালডোবায় তিস্তায় ব্যারাজ দিয়ে ভারত একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। পানির অভাবে মরা নদীতে পরিণত হয়েছে তিস্তা অঞ্চলের ধরলা, ঘাঘট, যমুনেশ্বরী, আখিরা, দুধকুমারসহ ৩৩টি নদী। শুকনা মৌসুমে তিস্তায় সাড়ে চার হাজার কিউসেক পানিপ্রবাহ থাকার কথা থাকলেও তা ৫০০ কিউসেকে নেমে এসেছে। তিস্তা ছাড়াও ভারত উজানে বাঁধ দিয়ে ৫১টি নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশের জীববৈচিত্র্য এবং পরিবেশ ও খাদ্যনিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছে।
১৭ থেকে ১৯ এপ্রিল সিপিবি-বাসদের ‘তিস্তামার্চ’: তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ১৭ থেকে ১৯ এপ্রিল ঢাকা থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে ‘তিস্তামার্চ’ কর্মসূচি পালন করবে। এ বিষয়ে গতকাল দুপুরে সিপিবির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের সভাপতিত্বে এ সভা থেকে কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক নদী তিস্তার মোট দৈর্ঘ্য ৩৬৬ কিলোমিটার। এর মধ্যে ভারতে ২৪৯ ও বাংলাদেশে ১১৭ কিলোমিটার। বাংলাদেশে তিস্তা সেচ প্রকল্পের আওতায় থাকা জমির পরিমাণ সাড়ে সাত লাখ হেক্টর।