তিস্তা-রমনা পথে একমাত্র ট্রেনটি দেড় মাস বন্ধ
ইঞ্জিন, গার্ড ও চালকসংকটের কারণে তিস্তা-রমনা রেলপথের একমাত্র ট্রেনটি প্রায় দেড় মাস ধরে চলাচল করছে না। এ কারণে লোকজন সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছে। আর ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তিও বেড়েছে। ভুক্তভোগীরা জানান, কুড়িগ্রামের ডাকপরিবহন ট্রেননির্ভর হওয়ায় দেড় মাস ধরে জেলার লোকজন মানি অর্ডার, চিঠিপত্র ও জরুরি পার্সেল যথাসময়ে পাচ্ছে না। এ ছাড়া ব্যবসায়ীরা পণ্যপরিবহনে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।লালমনিরহাট রেলওয়ে ডিভিশন কার্যালয় সূত্র জানায়, কুড়িগ্রামের তিস্তা জংশন থেকে রমনাবাজার পর্যন্ত প্রায় ৬৪ কিলোমিটার রেলপথে সিঙ্গারডাবড়ীহাট, রাজারহাট, টগরাইহাট, কুড়িগ্রাম, পাঁচপীর, উলিপুর, বালাবাড়ী ও রমনাবাজার—এই আট স্টেশন রয়েছে। এই পথের ট্রেনটি গত ২৪ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেনটি কবে চালু হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় ব্যবস্থাপক আবদুল হাই জানান, ইঞ্জিন, গার্ড ও চালকসংকটের কারণে তিস্তা-রমনাবাজার পথে চলাচলকারী ট্রেনটি বাতিল করা হয়েছে। ট্রেনটি কবে পুনরায় চালু হবে, তা তিনি জানাতে পারেননি।কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বন্ধ থাকা ট্রেনটি ঈদের আগে চালু করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।