তিস্তা-সীমান্ত বিলের ব্যাপারে বিজেপি সাংসদের আশ্বাস
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের জনগণের আশঙ্কাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এ আশ্বাস দিলেন মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্যসভা সাংসদ তরুণ বিজয়। তিনি আরও বলেন, তিস্তা চুক্তি ও সীমান্ত বিলের বিরোধিতাও বিজেপি করেনি।
দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে (আইআইসি) গতকাল শনিবার অনুষ্ঠিত এক আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে বিজেপির সাংসদ তরুণ বিজয় এসব কথা বলেন। ফ্রেন্ডস অব বাংলাদেশ, বাংলাদেশ হাইকমিশন ও আইআইসি দুদিনের এ অনুষ্ঠানের আয়োজক।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য এবং সংগঠনের মুখপাত্র ‘পাঞ্চজন্য’র সাবেক সম্পাদক তরুণ বিজয় বলেন, তিস্তা ও সীমান্ত বিলের বিরোধিতা তাঁরা করেননি। বিজেপির আপত্তি ছিল যেভাবে বিলগুলো ‘চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল’ তা নিয়ে। তিনি দাবি করেন, বিজেপির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শাসনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো ছিল। মোদির প্রধানমন্ত্রিত্বকালে সেই সুসম্পর্কই ফিরে আসবে।
তরুণ বিজয়ের উপস্থিতিতেই বাংলাদেশের মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ভারতে নরেন্দ্র মোদির উত্থান বাংলাদেশের জনগণকে আশঙ্কাগ্রস্ত করে তুলেছে।
এর রেশ ধরে বিজেপির নেতাকে প্রশ্ন করা হয়, বিজেপি ক্ষমতায় এলে তাদের সরকার কতখানি সহনশীল হবে। বিজেপি কেন তিস্তা ও সীমান্ত বিলের বিরোধিতা করেছে, তারা ক্ষমতায় এলে এ বিলের ভাগ্যে কী আছে—সরাসরি সেই প্রশ্নও করা হয়।
মৌলবাদের উত্থান এবং তা রুখতে কী করণীয় সে বিষয়ে গতকালের দুটি অধিবেশনে আলোচনায় অংশ নেন সাবেক কূটনীতিক দেব মুখোপাধ্যায়, বীণা সিক্রি ও পিনাক রঞ্জন চক্রবর্তী; বাংলাদেশের সাবেক কূটনীতিক মুহম্মদ জমির, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সাংবাদিক সুমিত চক্রবর্তী, মনোজ জোশি ও জ্যোতি মালহোত্রা; বণিক সংগঠন ফিকির সেক্রেটারি জেনারেল দিদার সিং, মেজর জেনারেল (অব.) দীপংকর বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা রাজমোহন। মৌলবাদের মোকাবিলায় ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিগুলোর একজোট হওয়া এবং পারস্পরিক বন্ধুতা দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়।
দুদিনের এ অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহবুব হাসান সালেহ। আলোচকদের মধ্যে আরও ছিলেন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, হিরণ্ময় কারলেকার ও চলচ্চিত্রনির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।