তিস্তা সেচ প্রকল্পের তীর বাঁধ ভেঙে আমনখেত নষ্ট

নীলফামারী জেলা সদরের তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাম তীর বাঁধ ভেঙে পাকা আমন ধানখেত নষ্ট হয়েছে। গত শনিবার রাতে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে ওই ঘটনা ঘটে।
ওই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আলতাব হোসেন বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর সেচ খালে পানি ছাড়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানির চাপে খালের বাম তীর বাঁধ ভেঙে আমনখেতে পানি ঢুকে যায়। এতে প্রায় ৩০ বিঘা পাকা আমন ধানের খেত পানিতে তলিয়ে যায়।
কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ২০ বিঘা জমির পাকা ধান পানির নিচে ডুবে গেছে। সেই সঙ্গে নষ্ট হয়েছে পাঁচ বিঘা জমির আলুর খেত।’ তাঁর অভিযোগ, পাউবোর লোকজনকে খবর দিলেও তাৎক্ষণিকভাবে কেউ কোনো ব্যবস্থা নেয়নি।
নীলফামারী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মকছুদার রহমান বলেন, ‘রাতে কেউ আমাদের খবর দেননি।’ তাঁর দাবি, ইঁদুরের গর্তে পানি ঢুকে এই ভাঙন সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বালুর বস্তা আর মাটি ফেলে ভাঙা অংশে মেরামত করা হচ্ছে।