তিস্তা সেচ প্রকল্পের পরিধি বৃদ্ধি-বিষয়ক সভা
তিস্তা ব্যারাজের সেচ প্রদানের এলাকা বাড়ানোর লক্ষ্যে নীলফামারীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ডালিয়ায় অবস্থিত পাউবোর অবসর রেস্টহাউসের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই সেচ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণকাজে জমি অধিগ্রহণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভা শেষে নজরুল ইসলাম বলেন, দুই দেশের (ভারত-বাংলাদেশ) প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির কাঠামো চূড়ান্ত করা হয়েছে। অচিরেই সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। চুক্তি বাস্তবায়িত হলে তিস্তায় আর পানি সংকট থাকবে না।
পাউবো ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, শিগগিরই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এ জন্য প্রস্তাবিত ২৬৬ দশমিক ৬৩ হেক্টর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ১১৮ দশমিক ৮৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি ৯২ দশমিক ৬৯ হেক্টর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে ৯৪ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। প্রস্তাবনায় নতুন করে যোগ হয়েছে আরও ৫৫ দশমিক ৭ হেক্টর জমি। এ জন্য সভায় আরও ১৮৮ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, পাউবো পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক বেলায়েত হোসেন, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১) জ্যোতি প্রসাদ ঘোষ, জেলা প্রশাসক জাকীর হোসেন, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার প্রমুখ।
পাউবো সূত্র জানায়, তিস্তা সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলার সেচ এলাকা ছিল ৯১ হাজার ২২৬ হেক্টর জমি। দ্বিতীয় পর্যায়ের কাজ হলে এর পরিধি ১ লাখ হেক্টরে উন্নীত হবে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চলতি খরিপ-১, রবি মৌসুমে ডিমলা উপজেলার নাউতারায় অবস্থিত এস-২, টি সেচ ক্যানেলের জলকপাট খুলে সেচ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।