তিস্তা সেচ প্রকল্পের পানির আশায় বোরো আবাদ করে বিপাকে পড়েছেন নীলফামারীর দিনাজপুর সেচখালের আওতাভুক্ত বোরো চাষিরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সেচখালের উৎসমুখে পানি না থাকায় এ অবস্থা তৈরি হয়েছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, নীলফামারী জেলা সদরের ওপর দিয়ে যাওয়া তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচখালের আওতাভুক্ত খালটি শুকিয়ে চৌচির। শাখা খালগুলোও শুকিয়ে আছে। দিনাজপুর খালের পাশ ঘেঁষে থাকা জমির মালিক কৃষকেরা তাঁদের বোরো খেত বাঁচাতে ডিজেলচালিত পাম্প দিয়ে সেচ দেওয়ার চেষ্টা করছেন।
রামনগরের বিশমুড়ি গ্রামে সেচখালের পাশে ডিজেলচালিত পাম্প বসিয়ে সেচ দেওয়ার চেষ্টা করছিলেন গ্রামের কৃষক দেলোয়ার রহমান (৪৫)। তিনি বলেন, ‘ক্যানেলের পানি না পাইয়া অন্য মানুষের নষ্ট হওয়া শ্যালো মেশিন ২৪ শ টাকায় মেরামত কইরা বোরিং করছি। কিন্তু পানির স্তর নিচে নাইমা যাওয়ায় চারবার চার জায়গায় বোরিং করতে হইছে। তাও তেমন একটা পানি পাওয়া যাইতাছে না।’
ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৫৫) বলেন, ‘সেচখালের পানি দিয়ে চার বিঘা জমিতে বোরো লাগিয়েছি। পানির অভাবে এখনো পাঁচ বিঘা জমি পতিত আছে। খালে পানি না থাকায় ওই চার বিঘার বোরো আবাদও রক্ষা করা যাচ্ছে না।’ তিনি বলেন, পাউবো আগেই পানি না থাকার কথা জানালে কৃষকেরা বিকল্প প্রস্তুতি নিতে পারতেন। খাল থেকে সেচ পাওয়ার আশায় বোরো লাগিয়ে কৃষকেরা এখন বিপাকে আছেন।
পাউবোর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আবদুস সহিদ বলেন, ‘তিস্তা সেচ প্রকল্পের উৎসমুখে পানি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রকল্পের ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে গত বুধবার ২১০ কিউসেক আর বৃহস্পতিবার ৩০০ কিউসেকের নিচে পানি ছিল। এই পানি দিয়ে সেচ কার্যক্রম পরিচালনা একেবারেই অসম্ভব। আমরা জানুয়ারি থেকেই কৃষকদের এ বছর পানি না দিতে পারার কথা জানিয়ে আসছি। বারবার তাঁদের নিজ দায়িত্বে পানির ব্যবস্থা করতে পরামর্শ দেওয়া হয়েছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইদ্রিস আলী বলেন, এ বছর জেলায় ৮২ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে সেচখালের আওতায় হয়েছে ১০ হাজার হেক্টর।