বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ায় প্রায় আড়াই মাস থেকে তিস্তা সড়ক সেতুর মোট ৩১টি সোডিয়াম বাতি জ্বলছে না। এ কারণে সন্ধ্যার পর থেকে সেতুটি অন্ধকারে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহনের চালক ও পথচারীরা।
লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সওজের সেতু-৩ প্রকল্পের আওতায় ১২২ কোটি চার লাখ টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক এক মিটার প্রস্থের তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ ২০১২ সালের আগস্ট মাসে শেষ হয়। ২০ সেপ্টেম্বর সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটিতে মোট ৩১টি মূল্যবান সোডিয়াম বাতি ল্যাম্পপোস্টগুলোয় স্থাপন করা হয়। গত ২০ এপ্রিল রাতের সেতু এলাকায় বিদ্যুৎ সরবাহের জন্য স্থাপন করা ১৫ কেভিএর তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এরপর পুনরায় ট্রান্সফরমার স্থাপন না করায় আড়াই মাস ধরে সেতুটি সন্ধ্যার পর থেকে অন্ধকারে থাকছে।
তিস্তা সড়ক সেতুর ইজারাদার মো. আবদুল গনি সরকার জানান, ২৫ এপ্রিল তিনি সেতুর টোল আদায়ের দায়িত্ব নেন। এর আগেই ট্রান্সফরমারগুলো বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে সওজ কর্তৃপক্ষকে অনেকবার বলা হলেও কোনো লাভ হয়নি। আবদুল গনি আরও জানান, বাতি না জ্বলায় সন্ধ্যার পর থেকে সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
লালমনিরহাট সওজের উপসহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, সেতু এলাকায় ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিকে চিঠি দেওয়া হয়েছে। সেতুর টোল প্লাজার আশপাশে ট্রান্সফরমার স্থাপন করা যায় কি না, সে ব্যাপারেও সমিতিকে বলা হয়েছে। তিনি আরও জানান, জনশূন্য এলাকায় ট্রান্সফরমার তিনটি স্থাপন করায় চোরেরা সহজেই সেগুলো চুরি করতে পেরেছে। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. আবদুল করিম জানান, সমিতির নিয়ম অনুযায়ী গ্রাহকদের ট্রান্সফরমার চুরি গেলে নতুন আরেকটি কিনে দিতে হবে। চুরি যাওয়া তিনটি ট্রান্সফরমারের মূল্য আনুমানিক এক লাখ পাঁচ হাজার টাকা। সেতু কর্তৃপক্ষ নতুন ট্রান্সফরমার কিনে দিলেই তা স্থাপন করা হবে।
আনোয়ার হোসেন জানান, টাকা জোগাড়ের চেষ্টা চলছে। টাকা জোগাড় হলেই ট্রান্সফরমার কিনে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে স্থাপনের জন্য দেওয়া হবে।