তিস্তা সেতু রক্ষা বাঁধের ৫০ মিটার নদীগর্ভে
তিস্তা সড়ক সেতুর দক্ষিণ প্রান্তের পশ্চিম দিকে গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ৫০ মিটার বাঁধ ভেঙে সিমেন্টের তৈরি বোল্ডার পানিতে ধসে পড়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়ক সেতু ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, তিস্তা সড়ক সেতুর পশ্চিম প্রান্তে ৩০০ মিটার গাইড বাঁধের অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। এ সময় অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল দুপুর পর্যন্ত ৫০ মিটার বাঁধের সিমেন্টের তৈরি বোল্ডার পানিতে ধসে পড়েছে। ৫২ ফুট প্রস্থ এই গাইড বাঁধের প্রায় অর্ধেক অংশ ভেঙে গেছে। বাকি অংশ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এই বাঁধ ভেঙে গেলে সেতু হুমকির সম্মুখীন হয়ে পড়বে। সেই সঙ্গে ১০টি গ্রাম বন্যাকবলিত হতে পারে বলে গ্রামবাসীর আশঙ্কা।
সেতুর পাশের নিজপাড়া, হযরত খাঁ, চরগনাই, পাঞ্জর ডাঙ্গা ও বিশ্বনাথ গ্রামের লোকজনের অভিযোগ, গাইড বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করেছে। এ কারণে বৃষ্টি ও নদীর পানির তোড়ে গাইড বাঁধটি দুর্বল হয়ে পড়েছে। ফলে বাঁধের মধ্যে বসানো সিমেন্টের তৈরি বোল্ডার ধসে পড়ছে।
উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল হক অভিযোগ করে বলেন, বাঁধটির কাজ দুর্বল হওয়ায় তা ভেঙে পড়ছে। জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে সেতুটি হুমকির মুখে পড়বে। এ ছাড়া অনেক গ্রামে বন্যা দেখা দেবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ‘আমি গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানির তোড়ে ৩০০ মিটার গাইড বাঁধটির আনুমানিক ৫০ মিটার ভেঙে গিয়ে সিমেন্টের তৈরি বোল্ডার নদীতে ভেস্তে গেছে। তা জরুরি ভিত্তিতে আজ (শনিবার) থেকে সংস্কার করা হবে।’