কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জের মধ্যে প্রস্তাবিত তিস্তা সেতুতে রেলপথ রাখা এবং এ পথে চলাচলকারী ট্রেনের নাম ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ করার দাবিতে গতকাল রোববার ছয়টি উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
জেলার রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ডাকে সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী, রৌমারী ও চিলমারী উপজেলায় মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
গণকমিটির আহ্বায়ক নাহিদ নলেজ জানান, ৩০ মিনিটব্যাপী মানববন্ধন শেষে প্রতিটি উপজেলায় ইউএনওর কাছে সঞ্চারকলিপি হস্তান্তর করা হয়।
রাজারহাটে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ ও রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উপজেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ মোল্লা।
বক্তারা জানান, গত বছর একনেক বৈঠকে চিলমারী-সুন্দরগঞ্জ সেতু নির্মাণ প্রকল্পটি পাস হয়েছে। চলতি বছর সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার কথা। তাঁরা এই সেতুতে রেলপথ রাখার দাবি জানান। একই সঙ্গে তাঁরা এই রেলপথে চলাচলকারী রেলের নামকরণ ভাওয়াইয়া করার দাবি জানান।
সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, এলাকাবাসীর দাবি সেতুর নকশাতে রেলপথ সংযুক্ত করা হোক। কারণ, কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকাগামী কোনো রেলপথ নেই। এলাকার লোকজন রংপুর ও লালমনিরহাট জেলায় গিয়ে ঢাকার ট্রেন ধরেন। তাই সেতুর নকশায় রেলপথ সংযুক্ত করা এবং এ পথে ঢাকাগামী এ ট্রেনের নাম ভাওয়াইয়া এক্সপ্রেস দেওয়া হোক।