তিস্তা সড়ক সেতুর পিলার ঘেঁষে তোলা হচ্ছে বালু
রংপুরের কাউনিয়ায় সদ্যনির্মিত তিস্তা সড়ক সেতুর নিচ থেকে দুই মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এ কারণে সেতুর পিলার দুর্বল হয়ে পড়ছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ পাওয়া গেছে। রংপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এভাবে সেতুর পিলারের পাশ থেকে বালু উত্তোলন করলে পিলার দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র পথ এই তিস্তা সড়ক সেতু। সেতুটি গত বছরের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। গত ৩০ মার্চ সরেজমিনে দেখা যায়, সেতুর দক্ষিণ প্রান্তের ২ নম্বর পিলার ঘেঁষে শ্যালোইঞ্জিন বসিয়ে বালু উত্তোলনের পর ট্রাক্টরে তোলা হচ্ছে। প্রতি ট্রাক্টর বালু ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সড়ক সেতুর পাশেই রয়েছে তিস্তা রেল সেতু। সড়ক সেতু ও এর পাশে রেল সেতুর পিলারের নিচ থেকে বালু উত্তোলন করা হয় বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই এলাকায় নদী থেকে বালু উত্তোলন এর আগেও হয়েছে। ফলে নদীর পাড় ভেঙে আবাদি জমিসহ ঘরবাড়ি বিলীন হয়েছে। সেতুর পাশের হলদীপাড়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, এর আগেও এখানে বালু উত্তোলন করা হয়েছে। মাঝেমধ্যে বন্ধ থাকলেও এভাবে বালু উত্তোলন অনেকের ব্যবসায় পরিণত হয়েছে। একই এলাকার কৃষক মজিবর রহমান বলেন, ‘বালু উত্তোলন করায় নদীর পাড় ভাঙি পড়ছে। তারপর আস্তে আস্তে হামারগুলার আবাদি জমিও নদীর ভাঙোনোত চলি গেইছে।’ অবৈধভাবে বালু উত্তোলনকারী রফিকুল ইসলাম বলেন, ‘এভাবে বালু তুলে এর আগেও বিক্রি করেছি। তাতে তো কোনো ক্ষতি দেখি না।’ তবে এভাবে বালু উত্তোলন যে আইনত দণ্ডনীয় তা তিনি জানেন না। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোতালেব সরকার বলেন, ‘নদী থেকে বালু উত্তোলনের খবর আমাদের জানা নেই। এখন জানলাম। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’