তিস্তাগর্ভে তিন শতাধিক ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের চোংগাদ্বারা গ্রামে গত আট দিনে তিস্তা নদীর ভাঙনে তিন শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙনে নদীর পেটে চলে গেছে গ্রামের একটি উচ্চবিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় বাজারের বেশির ভাগ এবং একটি মসজিদ।গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, তিস্তা নদীতে ভেঙে যাওয়া ভবনের অবশিষ্ট ইট-খোয়াসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে এলাকার লোকজন। গ্রামবাসী ভাঙনের নির্মম দৃশ্য দেখতে নদীর তীরে ভিড় করেছে। এলাকাবাসী জানান, ১৮ সেপ্টেম্বর চোংগাদ্বারা গ্রামে তিস্তার ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে গ্রামের চোংগাদ্বারা উচ্চবিদ্যালয়, চোংগাদ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চোংগাদ্বারা বাজার ও চোংগাদ্বারা জামে মসজিদ তিস্তাগর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে ক্ষতিগ্রস্ত অনেকে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। কিছু লোক অন্য গ্রামে আত্মীয়স্বজনদের বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন।খুনিয়াগাছ ইউপির চেয়ারম্যান খাইরুজ্জামান মণ্ডল বাদল বলেন, ‘গত এক সপ্তাহে গ্রামের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশাসনকে জানিয়েছি। আমার যা করণীয় তা সাধ্যমতো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।’লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আলম বলেন, ‘গত এক সপ্তাহে চোংগাদ্বারা গ্রামে দুবার গিয়ে সবকিছু দেখেশুনে এসেছি। এ বিষয়ে জেলা প্রশাসনসহ অন্যান্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’ তিনি জানান, গ্রামের উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বাজার ভেঙে গেছে। ঘরবাড়ি ভেঙে তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।জেলা প্রশাসক মোখলেছার রহমান বলেন, চোংগাদ্বারা গ্রামে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ হিসেবে মঙ্গলবার পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়ে জানিয়ে ঊর্ধ্বতন মহলে জরুরি চিঠি পাঠানো হয়েছে।