তিস্তাচুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত: পানিসম্পদমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল ইসলাম মাহমুদ। ফাইল ছবি
আনিসুল ইসলাম মাহমুদ। ফাইল ছবি

তিস্তা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। ভারতের সঙ্গে আলোচনা করে অনতিবিলম্বে এ চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেছেন। এর আগে বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়।

মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, সরকারের জনপ্রশাসনে মোট ৫ হাজার ২৩৪ জন প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন। এঁদের মধ্যে জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ ২৮২ জন কর্মকর্তা ঢাকার। এ ছাড়া কুমিল্লার ২৪৪ ও চট্টগ্রামের ২১৬ জন কর্মকর্তা রয়েছেন। ১০০ এর বেশি সরকারি কর্মকর্তা রয়েছেন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, বগুড়া, খুলনা, যশোর ও বরিশালের। সবচেয়ে কম ৮ জন কর্মকর্তা বান্দরবানের এবং ১২ জন খাগড়াছড়ির। এ ছাড়া ৫০-এর কম প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন শেরপুর, রাঙামাটি, কক্সবাজার, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, মেহেরপুর, ভোলা, বরগুনা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের ৬৫ জন সচিব রয়েছেন। এদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৪ জন নারী। সবচেয়ে বেশি পাঁচজন করে সচিব রয়েছেন গাজীপুর ও বরিশালের। এ ছাড়া তিনজন করে সচিব আছেন চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, বাগেরহাট ও সুনামগঞ্জের। ৩০ জেলায় কোনো সচিব নেই।

স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে ইসমত আরা সাদেক বলেন, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার কোনো বিধান নেই। এ ক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি চালু করার কোনো পরিকল্পনাও সরকারের নেই।

নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১৩ সালে ২১ জন কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পেয়েছেন।


উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা করা হয়। সেই হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জনের প্রাণহানি ঘটে এবং কয়েক শ লোক আহত হন। এতে একটি হত্যা মামলা ও একটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তদন্ত শেষে ২০০৮ সালের ৯ জুন অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০০৯ সালে রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করলে ২০১১ সালের জুলাইতে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে হত্যা মামলায় ৫২ এবং বিস্ফোরক মামলায় ৪১ জনকে আসামি করা হয়। এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৪৯১ জন।

মন্ত্রী আরও জানান, মামলা দুটির দ্রুত বিচারের জন্য ২০১১ সালের ৮ সেপ্টেম্বর থেকে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার পরিচালিত হচ্ছে। গত ২৫ আগস্ট পর্যন্ত ১০০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তারেক রহমানসহ মামলার ১৯ জন আসামি পলাতক এবং ২৫ জন জেল হাজতে রয়েছেন।