নীলফামারীতে অসময়ে তিস্তা নদীর পানি বেড়ে ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নের তিস্তাবেষ্টিত প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়ে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে গত রোববার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ পানি বৃদ্ধি অব্যাহত ছিল বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশন জানিয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত রোববার রাত থেকে তিস্তা নদীর পানি বেড়ে টেপাখড়িবাড়ি, পূর্ব ছাতনাই ও খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তাবেষ্টিত প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়। এতে ওই সব গ্রামের চিনাবাদাম, পেঁয়াজ, মরিচ, কালোজিরা, ধনে, মিষ্টিকুমড়া, তরমুজসহ রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের জিঞ্জিরপাড়া গ্রামের রফিকুল ইসলাম (১৮) বলেন, গত সোমবার তিস্তা নদীর পানি বেড়ে চরখড়িবাড়ি, টাপুরচর, পূর্ব খড়িবাড়িসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের বেশির ভাগ রবি ফসল পানিতে তলিয়ে যায়।
টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, গত বছরের বন্যায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যায় জমিতে বালু বেশি পড়ায় ওই সব গ্রামে এ বছর বোরো ধান ও ভুট্টার আবাদ অনেকাংশে কম হয়েছে। এবার চাষিরা বোরো ও ভুট্টার বদলে নতুন ফসল হিসেবে চিনাবাদাম ও তরমুজ চাষ করেছেন। গত সোমবার হঠাৎ করে তিস্তার পানি বেড়ে ওই এলাকাগুলো প্লাবিত হয়। এতে করে পেঁয়াজ, মরিচ, চিনাবাদামসহ বিভিন্ন রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, অকস্মাৎ তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের ঝাড়সিংহেরস্বর চর ও পূর্ব ছাতনাই গ্রাম প্লাবিত হয়ে বিস্তীর্ণ এলাকার পেঁয়াজ, মরিচ, কালোজিরা, ধনে, চিনাবাদামসহ বিভিন্ন রবি ফসল পানিতে তলিয়ে আছে।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে গত রোববার দিবাগত রাত থেকে তিস্তা নদীতে পানি বাড়তে শুরু করে। সোমবার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫০ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার ওই একই পয়েন্টে পানি আরও বেড়ে ৫১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার।
এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী আরও বলেন, অন্যান্য বছর এ সময়ে তিস্তা নদীতে ২৫০ থেকে ৫০০ কিউসেক পর্যন্ত পানি পাওয়া যেত। এ বছর পানি পাওয়া গেছে ১ হাজার কিউসেকের ওপরে। দুদিন আগেও ২৬ হাজার কিউসেক পানি পাওয়া গিয়েছিল। তিনি বলেন, তিস্তায় পানি বাড়ায় তিস্তা ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।