তিস্তার চরে পুঁতে রাখা তরুণের লাশ উদ্ধার
নীলফামারীর জলঢাকা উপজেলায় মনিরুজ্জামান (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে৷ গতকাল সোমবার হলদিবাড়ি তিস্তার চর থেকে লাশটি উদ্ধার করা হয়৷
িনহত মনিরুজ্জামান ডিমলা উপজেলার খালিশা চাঁপানি ইউনিয়নের সোনাখুলি কলোনিপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গতকাল বিকেলে জানান, বেলা দেড়টার দিকে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিস্তার চরে বালুতে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় মনিরুজ্জামানের লাশ পাওয়া যায়৷ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্ত করা হবে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মনিরুজ্জামান মোটরসাইকেলে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করতেন। রোববার সকালে কাজের উদ্দেশে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি।
গোলমুন্ডা ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আবদুল বাকি জানান, সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন৷ পুলিশ এসে লাশ উদ্ধার করে।