তিস্তার চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গকে সঙ্গে নিয়েই তিস্তা চুক্তি সইয়ের বিষয়টিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী ভারতের কেন্দ্রীয় সরকার।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিকদের তিস্তার পানি বণ্টন নিয়ে এই আশার বাণী শোনান। দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের যে নিবিড় সহযোগিতা রয়েছে, ক্ষমতার পালাবদল হলেও তার ব্যত্যয় ঘটবে না বলে আশা করছেন তিনি।সালমান খুরশিদ বাংলাদেশের আসন্ন নির্বাচন, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক, সীমান্ত হত্যা, শাহবাগের সমাবেশসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।ফের আশার বাণী: সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া বক্তৃতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়ে সুরাহার অগ্রাধিকার তালিকায় রয়েছে তিস্তা চুক্তি। বিষয়টিকে তিনি কম জটিল হিসেবে অভিহিত করে বলেন, ‘আমি আশা করছি, পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্যমন্ত্রীর সহায়তা ও সমর্থন নিয়ে বিষয়টি সুরাহা হবে। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিস্তার বিষয়টি সুরাহা করতে পারব। কারণ এ নিয়ে জনগণের যে ভাবনা, সেটিকে গুরুত্ব দেওয়ার দরকার আছে।’তবে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো জানিয়েছে, তিস্তা নিয়ে আগের অবস্থা থেকে এক চুলও সরেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তিস্তার বিষয়ে না এগোতে নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে নির্দেশনা দিয়েছেন। তিস্তার পানির প্রবাহ নিয়ে কল্যাণ রুদ্রের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন মমতা।‘ফেলানী সবার মেয়ে’: প্রায় দুই বছর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কিশোরী ফেলানী প্রাণ হারিয়েছিল। ওই হত্যার তদন্তের ব্যাপারে জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, ‘ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারব না। যেভাবে সে জীবন দিয়েছে, সেটি অত্যন্ত বিয়োগান্তক এক দৃশ্য। আমি মনে করি, তাকে শুধু বাংলাদেশের মেয়ে হিসেবে বিবেচনা করাটা ঠিক হবে না। বলা উচিত, সে আমাদের সবার শিশু, আমাদের কন্যা, আমাদের বোন। এ ধরনের বিয়োগান্তক ঘটনায় যে তদন্ত চলে, তা অত্যন্ত সততার সঙ্গেই করা হয়। সীমান্তের দুপাশেই এ ধরনের বিয়োগান্তক ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি বিশ্বাস করি, আমাদের সমন্বিত প্রয়াস এ ধরনের বিয়োগান্তক অধ্যায়কে পেছনে ফেলে সীমান্ত এলাকাকে আরও বেশি নিরাপদ করে গড়ে তুলতে সহায়তা করবে।’নির্বাচন ও শাহবাগ প্রসঙ্গ: বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, ‘আমরা রাজনীতি, সমকালীন প্রসঙ্গ, নির্বাচন নিয়ে কথা বলেছি। দিল্লিতে তাঁর (খালেদা জিয়া) সঙ্গে বৈঠকের পর নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া নিয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে এখানে ভিন্নমত রয়েছে বলেই বুঝতে পেরেছি। এ নিয়ে বিস্তারিতভাবে আমি কিছু জানতে পারিনি। নির্বাচনের সময় ঘনিয়ে এলে এখানকার রাজনৈতিক দলগুলো তাদের মতো করেই সমাধানের পথ খুঁজে নেবে বলেই আমার বিশ্বাস।’তরুণদের সমাবেশ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলাপ হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে স্থায়ীভাবে এটি কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে কারোরই সুস্পষ্ট কোনো ধারণা নেই। কারণ, এই আন্দোলন-সমাবেশ সুনির্দিষ্ট ইস্যুভিত্তিক হবে, নাকি সুশাসনসহ জনজীবনে ব্যাপক অর্থে প্রভাব ফেলে এমন বিষয়কে অন্তর্ভুক্ত করবে, সেটি দেখার আছে। কাজেই, এই আন্দোলন নিয়ে এখনই মন্তব্য করাটা আগাম হয়ে যাবে।খালেদার সফরের প্রভাব: বিএনপির চেয়ারপারসনের সাম্প্রতিক দিল্লি সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে গুণগত পরিবর্তন এসছে কি না, জানতে চাইলে সামলমান খুরশিদ বলেন, ক্ষমতায় কোন দল রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার থাকতে পারে। তবে এই সম্পর্কের ভিত্তি যেমন মজবুত হওয়া উচিত, তেমনি তা সবার কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত।গতকাল সফরের দ্বিতীয় দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।