তিস্তার তীর সংরক্ষণ কাজে বাধা, বরাদ্দ ফেরত যাওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজে বাধা দেওয়া হচ্ছে। প্রভাবশালী একটি মহলের মদদে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রকল্পের জায়গায় ঘর তুলে বাধা দেওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল হোসেনের ব্যবস্থাপক মো. সোহেল বলেন, বাধার কারণে ৮০ মিটার এলাকায় সিসি ব্লক ও জিওটেক্স বসানোর কাজ স্থগিত রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্লাহ বলেন, তিস্তা থেকে পাঙ্গাটারী পর্যন্ত দুই কিলোমিটারে চারটি গ্রুপে তিস্তার বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। চলতি ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। অন্যথায় বরাদ্দ ফেরত দিতে হবে। স্থানীয় কয়েক ব্যক্তি ৬ নম্বর প্যাকেজের জায়গায় আটটি টিনের ঘর নির্মাণ করেছেন। তাঁদের হুমকির মুখে ৮ জুন থেকে কাজ বন্ধ রয়েছে। এ কারণে কাজটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে এ প্যাকেজের ৫৫০ মিটার বাঁধের জন্য বরাদ্দ সাড়ে ছয় কোটি টাকা ফেরত দিতে হবে। এনায়েত উল্লাহ জানান, যাঁরা ঘর তুলে কাজে বাধার সৃষ্টি করেছেন, তাঁরা ওই জমি তাঁদের নিজেদের বলে দাবি করলেও প্রকৃতপক্ষে ওই জমি খাস। এ অবস্থায় তাঁদের কোনো দাবি মানা সম্ভব নয়।

গত শনিবার সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের শেষ মাথায় পাঙ্গাটারী এলাকায় ৮০ মিটারের মতো জায়গায় আটটি টিনের ঘর রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আর্থিক সুবিধা আদায়ের লক্ষ্যে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে তিস্তা পুরান পাড়ার রুহুল আমিন ও মোজামেঞ্চল হক দু-তিন মাস আগে ঘরগুলো তোলেন।

এ ব্যাপারে রুহুল আমিন বলেন, ‘ওই জমি আমার বাপ-দাদার। নদীতে ভাইঙা গেছিল, এখন জাগছে। আমাদের জমিতে আমরা ঘর তুলেছি। পানি উন্নয়ন বোর্ড বাঁধ করে করুক, আমাদের বাড়ি বাঁচায়া বাঁধ করুক।’

গোকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ৭ জুন ইউপি কার্যালয়ে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠকে রুহুল আমিন ও মোজামেঞ্চল হক জানান, তাঁরা কোনোমতেই বাঁধ থেকে স্থাপনা সরিয়ে নেবেন না। বিষয়টি ১২ জুন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে জানানো হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘জনস্বার্থের বিপক্ষে যায় এমন কাজের বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী কেন আমাকে আরও আগে জানাননি ও তিনি আইনগত কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়ে তাঁকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছি। দু-এক দিনের মধ্যে কারণ দর্শানোর এ নোটিশ জারি করা হবে।’

এ ব্যাপারে লালমনিরহাট-৩ আসনের সাংসদ ও বাণিজ্যমন্ত্রী গোলাম মোহামঞ্চদ কাদের বলেন, ‘আমি শুক্রবার ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি ও যত দ্রুত সম্ভব ওই ঘরগুলো অপসারণ করে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। কিন্তু আমি জানতে পেরেছি, এখনো (রোববার পর্যন্ত) ঘরগুলো সরানো হয়নি। আমি আশা করব, জনস্বার্থে সমস্যাটির সমাধান করে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে।