আদিতমারীতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
তিস্তার তীরবর্তী জনপদ রক্ষায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে
‘হামরা রিলিফ চাই না, নদীভাঙনের থাকি রক্ষার জন্যে তিস্তা নদীত স্থায়ী বাঁধ চাই’ স্লোগান দিতে দিতে কয়েক হাজার নারী-পুরুষ তিস্তা নদীর তীরবর্তী এলাকা কুটিরপাড় বাঁধে জড়ো হয়েছিলেন।
এ সময় এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কাছে বাঁধ রক্ষার জোর দাবি জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বাঁধটি পরিদর্শনে গেলে তাঁরা এ দাবি জানান।
গতকাল দুপুরে লালমনিরহাটের আদিতমারীর মহিষখোঁচা ইউনিয়নের তিস্তার তীরবর্তী কুটিরপাড় এলাকায় বাঁধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে কোনো গরিব মানুষ থাকবে না। যাঁদের জমি আছে, ঘর নেই। তাঁদের সরকারিভাবে ঘর করে দেওয়া হচ্ছে। কেউ গৃহহীন থাকবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, তিস্তার তীরবর্তী জনপদকে নদীর করালগ্রাস থেকে রক্ষা করতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। যাতে আর কাউকে ঘরবাড়ি হারাতে না হয়। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের আওতায় কুটিরপাড় বাঁধ রক্ষার্থে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু করা হবে।
সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাহির তাহু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবহান, আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম প্রমুখ।
স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও সরকারিভাবে ২ লাখ টাকা ব্যয়ে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড়ে এক হাজার ফুট দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি নির্মাণের ফলে প্রায় ৬ হাজার পরিবার উপকৃত হবে বলে এলাকাবাসী দাবি করেন।