তিস্তার পানি কমছে, আরও ৪০ বাড়ি নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাঙন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের নতুন করে আরও প্রায় ৪০টি পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়েছে।

ডিমলার ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা যায়, লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি গতকাল দুপুর ১২টা পর্যন্ত বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গত রোববার ওই পয়েন্টে পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপরে ওঠে।

রোববার তিস্তায় পানি বৃদ্ধির কারণে ডিমলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি, জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত প্রায় ১৫টি গ্রামের ১০ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গতকাল তিস্তার পানি কমায় ওই সব এলাকার বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, টাপুরচর, ঝিঞ্জিরপাড়া ও মেহেরটারী গ্রামে প্রায় এক মাস ধরে নদীভাঙন চলছে। চরখড়িবাড়ি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা বালির বাঁধটি ভেঙে গতকাল পর্যন্ত সেখানকার প্রায় ৩৫০টি পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়েছে।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বালির বাঁধটি ভেঙে যাওয়ার কারণে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার পর্যন্ত আরও প্রায় ৪০টি পরিবারের ঘরবাড়ি নদীভাঙনের শিকার হয়েছে। এ নিয়ে প্রায় সাড়ে তিন শ পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হলো।

পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, তিস্তা নদীর পানি কিছুটা কমায় বন্যাকবলিত মানুষের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্নভাবে ভাঙন দেখা দিয়েছে।

পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে।