বাংলাদেশ অংশে তিস্তার পানি ব্যাপক হারে কমে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই পশ্চিমবঙ্গের গজালডোবায় যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য ও বিশেষজ্ঞদের পাঠাতে সম্মত হয়েছে ভারত।
আজ বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান সে দেশের পররাষ্ট্রসচিব সুজাতা সিং।
দিল্লি সফরের দ্বিতীয় দিনে মো. শহীদুল হক আজ সকালে সুজাতা সিংয়ের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন।
দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিবেরা নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুত্, পানি যোগাযোগ, দুই দেশের মানুষে-মানুষে যোগাযোগসহ দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক, উপ-আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, শুল্ক ও অশুল্ক বাধা অপসারণ এবং পণ্যের পারস্পরিক মানের স্বীকৃতি দিতে দুই পক্ষ নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। এ অঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর দুই দেশের কর্মকর্তারা গুরুত্ব দেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা উপকূলীয় জাহাজ চলাচল চালুর লক্ষ্যে কাজ করতে অঙ্গীকার করেন।
জানা গেছে, বৈঠকে খুব শিগগির তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আশাবাদ ব্যক্ত করেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে তিস্তার পানি কমে যাওয়ার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে জানান, বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিস্তায় পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থল সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নে ভারতের রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল উত্থাপনের প্রশংসা করেন মো. শহীদুল হক। এ বিল শিগগির পাস হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সীমান্ত হত্যা উল্লেখযোগ্য হারে কমেছে
বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সহযোগিতার বিষয়ে দুই পররাষ্ট্রসচিব সন্তোষ প্রকাশ করেন। সীমান্ত এলাকায় বাংলাদেশের নাগরিকদের হত্যার ব্যাপারে ভারতের সীমান্তরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার প্রশংসা করেন শহীদুল হক। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে। এ সময় সুজাতা সিং জানান, ধারাবাহিক এ উদ্যোগের ফলে সীমান্ত হত্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এমনকি একটি হত্যাকাণ্ডের ঘটনাও নিন্দনীয়। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে তিনি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দুপুরে শহীদুল হক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননের সঙ্গে সৌজন্যসাক্ষাত্ করেন। এ ছাড়া পররাষ্ট্রসচিব ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব সৌরভ চন্দ্রের সঙ্গে সৌজন্যসাক্ষাত্ করেন। এ সময় দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে তাঁরা আলোচনা করেন।