তিস্তার পানি কমায় নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি

তিস্তা নদীর পানি কমায় নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বেলা তিনটায় ৪ সেন্টিমিটার বেড়ে ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সেখানে তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার এবং গত বুধবার ৩৫ সেন্টিমিটার নিচে নামে।
১২ জুলাই ওই পয়েন্টে পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে ওঠে। এ অবস্থায় তিস্তা ব্যারাজ ও ফাট বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। পরের দিন সকালে পানি কিছুটা কমলে রেড অ্যালার্ট প্রত্যাহার করা হয়। ১৪ জুলাই সেখানে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে নামলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়।
১০ জুলাই থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। ১৩ জুলাই পর্যন্ত টানা চার দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকে। এতে করে জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত ১৫টি চরাঞ্চলীয় গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েন। ১৪ জুলাই পানি বিপৎসীমার নিচে নামলে ওই সব এলাকার বাড়িঘর থেকে বন্যার পানি নেমে যায়।
পাউবোর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল ৬টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার, সকাল ৯টায় ২০ সেন্টিমিটার, দুপুর ১২টায় ২০ সেন্টিমিটার ও বেলা ৩টায় ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
এর আগে গত ২৬ জুন তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে ওঠে। ২৮ জুন পর্যন্ত টানা তিন দিন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ২৯ জুন বিপৎসীমার নিচে নামে। ৪ জুলাই সকালে আবারও পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে উঠে সন্ধ্যা ছয়টায় পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে নামে।