তিস্তার পানি চাই: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আমরা তিস্তা নদীর পানি চাই। কেবল লংমার্চ করে ক্ষান্ত হলেই চলবে না, ভারত না দিলে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে তিস্তার ইস্যুটি তুলে ধরতে হবে।’


আজ শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নীলফামারী জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘তিস্তা নদীতে পানি নাই। তিস্তা সেচ প্রকল্প পানির অভাবে বন্ধ হয়ে গেছে। ৬০ হাজার হেক্টর জমি সেচের অভাবে ফেটে চৌচির হয়ে গেছে।’ তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তিস্তার ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আমাদের সেই সম্পর্কে চির ধরাতে দেশে ও বিদেশে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সম্পর্কেও আমাদের সজাগ থাকতে হবে।’

ওয়ার্কার্স পার্টির নীলফামারী জেলা সাধারণ সম্পাদক কমরেড তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য নূর মোহাম্মদ খান, ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক হবিবর রহমান, নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে মেনন আরও বলেন, ‘কয়েক দিন আগে নীলফামারী জেলার ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্রে সারা দেশের মতো নীলফামারীও এর শিকার হয়েছিল। তাঁরা সেদিন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে চার নেতা-কর্মীকে হত্যা করেছে। সেদিন নীলফামারীর মানুষ রুখে দাঁড়িয়েছিল বলে তারা সফল হতে পারেনি।’

অনুষ্ঠানে মন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এবার আমরা সাতটি আসন পেয়েছি। আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। এ জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দলকে সুসংগঠিত করতে হবে।’